নিকলীর ৩০ বিদ্যালয়ের শৌচাগার নষ্ট
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পাঁচটিতে কোনো শৌচাগার নেই। এতে এসব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নিকলীতে ৩৮টি সরকারি ও ১৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২৫টি সরকারি ও পাঁচটি বেসরকারি বিদ্যালয়ের শৌচাগার ব্যবহারের অনুপযোগী। তিনটি সরকারি ও দুটি বেসকারি প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার নেই। ৩০টির মধ্যে অধিকাংশ বিদ্যালয়ের ভবনই সাত-আট বছর আগে নির্মিত হয়। শৌচাগারগুলো তখনই করা হয়। সরেজমিনে ভাটিবরাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, দ্বিতল বিদ্যালয় ভবনটিতে ছয়টি কক্ষ। একটিতে শিক্ষকেরা বসেন। বাকিগুলো শ্রেণীকক্ষ। ভবনের উত্তর পাশে লাগোয়া দুটি শৌচাগার আছে। দুটোই এখন পরিত্যক্তপ্রায়। ৫৩০ জন শিক্ষার্থীর একমাত্র শৌচাগারটি অনেক আগেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বাধ্য হয়ে তারা পাশেরটি ব্যবহার করত। সেটিও নষ্ট হয়ে গেছে। প্রকৃতির ডাকে সাড়া দিতে শিক্ষক-শিক্ষার্থীদের যেতে হয় আশপাশের বাড়িতে। অনেক সময় কোনো ছাত্র বা ছাত্রী নিজ বাড়িতে গেলে সেদিন আর বিদ্যালয়ে আসে না বলে জানালেন প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন। ডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানান, ১৯২ জন শিক্ষার্থীর জন্য একটি মাত্র শৌচাগার। তাও আবার পাঁচ বছর আগে থেকেই নষ্ট। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী জানায়, বিদ্যালয়ের শৌচাগার ব্যবহার করা যায় না। মেয়েরা লজ্জায় কারও বাড়ির শৌচাগার ব্যবহার করতে যায় না। অনেক সময় বিদ্যালয় থেকে ছুটি নিয়ে বাড়ি চলে যেতে হয়। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ জানান, বিদ্যালয়ের শৌচাগারগুলোর অবস্থা খারাপ। এগুলো মেরামত করে ব্যবহারের উপযোগী করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।