নিকলীর ৩৫ স্কুলে পানীয় জলের সংকট
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ পানি পানের কোনো ব্যবস্থা নেই। এসব বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পাশের বাড়িতে গিয়ে বিশুদ্ধ পানি পান করতে গিয়ে ভোগান্তি পোহান।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে পাঁচটিতে নলকূপ নেই এবং ২১টির নলকূপ নষ্ট। বেসরকারি ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের দুটিতে নলকূপ নেই এবং সাতটির অকেজো।গত ২৪ ফেব্রুয়ারি সিংপুর ইউনিয়নের ডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে, বিদ্যালয়ের নলকূপটি এক বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। কয়েকজন শিক্ষার্থী পানি পান করার জন্য বিদ্যালয়ের পাশের গ্রামে যাচ্ছে। প্রধান শিক্ষক নাজিমুদ্দিন জানান, বিদ্যালয়ের নলকূপ মেরামত ও একটি আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপন করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আবেদন করা হয়েছে।দক্ষিণ ছাতিরচর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা আশপাশের বাড়ি থেকে পানি এনে পান করছে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র আরিফ বলে, ‘স্কুলের নলকূপটি দীর্ঘদিন ধরে অকেজো। আমি বাড়ি থেকে বোতল ভরে পানি নিয়ে আসি। যারা বাড়ি থেকে পানি না আনে, তারা বিভিন্ন বাড়িতে গিয়ে পানি পান করে।’ নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন জানান, গত দুই মাসে ওই বিদ্যালয় থেকে পর পর দুটি নলকূপ চুরি হয়েছে। বর্তমানে ছাত্রছাত্রীরা বাড়ি থেকে বোতলে করে পানি নিয়ে আসছে।নিকলী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর পদটি শূন্য থাকায় বর্তমানে এ উপজেলার দায়িত্ব পালন করছেন কটিয়াদীর জনস্বাস্থ্য প্রকৌশলী নাচির উদ্দিন। তিনি বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। তাই এ বিষয়ে কিছু বলতে পারব না।’উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক জানান, নলকূপ না থাকা বিদ্যালয়ের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।