নিকলীর ৩৯টি বিদ্যালয়ে খাওয়ার পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ পানি পান করার কোনো ব্যবস্থা নেই। এর মধ্যে ১০টি বিদ্যালয়ে কোনো নলকূপ নেই, আর ২৯টি বিদ্যালয়ের নলকূপ অকেজো। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি ঘুরে বিশুদ্ধ খাওয়ার পানি পান করতে হয়। কর্তৃপক্ষ এসব বিদ্যালয়ে নলকূপ স্থাপনের উদ্যোগ না নেওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা ভোগান্তি পোহাচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আটটিতে কোনো নলকূপ নেই। ২২টি বিদ্যালয়ে নলকূপ অকেজো। বেসরকারি ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের দুটিতে নলকূপ নেই এবং সাতটি বিদ্যালয়ের নলকূপ অকেজো।৭ জানুয়ারি সদর ইউনিয়নের নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের একমাত্র নলকূপটি দুই বছর ধরে অকেজো হয়ে আছে। দুপুর ১২টায় শিক্ষার্থীদের বিস্কুট দেওয়া হয়, কিন্তু নলকূপ না থাকায় বিস্কুট খাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী পানি পান করার জন্য পাশের পঞ্চারহাটি গ্রামে চলে যায়। প্রধান শিক্ষক দিল আফরোজ জানান, প্রতি মাসে শিক্ষাসভায় নলকূপের জন্য বলা হয়, কিন্তু নলকূপ আর বসানো হয় না।ছাতিরচর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ছাত্রছাত্রীরা আশপাশের বাড়ি থেকে পানি এনে পান করছে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র আক্কল আলী ও ছাত্রী জাকিয়া আক্তার বলে, ‘স্কুলের নলকূপটি দীর্ঘদিন ধরে অকেজো। বাড়ি থেকে বোতল ভরে পানি নিয়ে আসি।’ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামছুল আলম জানান, নলকূপটি মেরামতের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে আবেদন করা হয়েছে।উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. গণি জানান, অকেজো নলকূপের একটি তালিকা স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দেওয়া হয়েছে।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের অফিস সহকারী তাজুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখন আমার কিছুই করার নেই।’ইউএনও ফজলুর রহমান জানান, প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে অচল নলকূপগুলো দ্রুত সচল করার জন্য।