নিকারাগুয়ায় ১৫ বাংলাদেশি উদ্ধার
মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় ১৫ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে সে দেশের পুলিশ। মানব পাচারকারীরা দেশটির একটি মহাসড়কে তাঁদের ফেলে রেখে চলে গেলে অভিবাসীরা পথ হারিয়ে ফেলেন। খবর ফক্স নিউজের।
নিকারাগুয়ার পুলিশ কমিশনার লিওনিদাস রোকের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে ফক্স নিউজ এ কথা জানায়। প্রতিবেদনে বলা হয়, ওই বাংলাদেশি অভিবাসীদের কোস্টারিকা থেকে হন্ডুরাসে নিয়ে যাওয়া হচ্ছিল। এ জন্যই তাদের নিকারাগুয়ায় নেওয়া হয়। সেখান থেকে তাঁদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।
পুলিশ কমিশনার রোকে স্থানীয় গণমাধ্যমকে বলেন, এসব অভিবাসী পথ হারিয়ে ফেলেছিলেন। রাজধানী মানাগুয়ার ২০ কিলোমিটার দক্ষিণে তাঁদের পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, পাচারকারীরা তাঁদের সবকিছু কেড়ে নিয়ে গেছে বলে অভিবাসীরা জানান। তাঁরা তিন দিন ধরে কোস্টারিকার সীমান্ত ধরে হেঁটেছিলেন। পাচারকারীদের জনপ্রতি ১০০ থেকে ৫০০ ডলার দিয়েছিলেন বলেও তাঁরা জানান।