নিকি সাহেবের বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে

পুরান ঢাকার আরমানিটোলায় ১৯ শতক জায়গায় নির্মিত একটি বাড়িতে বাস করতেন আর্মেনীয় বংশোদ্ভূত জমিদার নিকোলাস পোগজ। তাঁর বাড়িটি মহল্লার মানুষের কাছে নিকি সাহেবের বাড়ি নামে পরিচিত ছিল। অথচ ঐতিহ্যবাহী বাড়িটি সংরক্ষিত ভবনের তালিকায় নেই।
অনিন্দ্যসুন্দর সেই দ্বিতল ভবন এখনকার মালিকেরা ভেঙে ফেলছেন। কয়েক সপ্তাহ ধরে ভাঙার কাজ চলছে। ইতিমধ্যে ভবনটির সামনের এক-তৃতীয়াংশ গুঁড়িয়ে ফেলা হয়েছে।
ভবনটি সংরক্ষণের দাবিতে গতকাল বুধবার বিকেলে আরমানিটোলার আর্মেনিয়ান স্ট্রিটে মানববন্ধন করেছে ঐতিহ্য নিয়ে কাজ করা সংগঠন আরবান স্টাডি গ্রুপ।
এলাকায় দেখা যায়, আর্মেনিয়ান স্ট্রিটের ৮/১ ও ৮/২ নম্বর হোল্ডিংয়ে আছে নিকোলাস পোগজের বাড়ি। দ্বিতল ভবনটির ভেতরের এক-তৃতীয়াংশ ভেঙে ফেলা হয়েছে। ইট-সুরকি অপসারণে কাজ করছেন কয়েকজন শ্রমিক। সামনের দেয়ালের একাংশও ভাঙা। তবে ভবনের মালিকদের কাউকে পাওয়া যায়নি।

আর্মেনিয়ান স্ট্রিটে ৬০ বছর ধরে বাস করেন ইকবাল হোসেন। তিনি বলেন, আগে এই ভবন জমিদারবাড়ি (নিকি সাহেব কি কোঠি) হিসেবে পরিচিত ছিল। কিন্তু কয়েক দশক ধরে ভবনটি এপি আয়ুর্বেদিক ফার্মেসির অফিস ও গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু রাজউক ভবনটিকে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে ঘোষণা করেনি।
আরবান স্টাডি গ্রুপ জানিয়েছে, নিকোলাস পোগজ ঢাকায় আধুনিক শিক্ষার প্রসার ঘটানোর জন্য ১৮৪৮ সালে ঢাকার প্রথম বেসরকারি স্কুল প্রতিষ্ঠা করেন, যা পোগজ স্কুল নামে পরিচিত। এ ছাড়া জমিদার ও ব্যবসায়ী হিসেবে সফল এ আর্মেনীয় দীর্ঘকাল ঢাকার পৌরসভার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কার্যকর ভূমিকা রেখেছিলেন। তিনি ঢাকার প্রথম ব্যাংকেরও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তাই প্রায় ২০০ বছরের পুরোনো এই ভবনের ইতিহাস ও স্থাপত্যিক গুরুত্ব বিবেচনায় আরমানিটোলার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত। ভবনটির মূল অবয়বে রয়েছে ইউরোপিয়ান ধ্রুপদি রীতির লম্বা কলামের সারি। এ ছাড়া ভবনের সামনের অংশে দোতলার মাঝ বরাবর অবস্থিত প্যানেলটি আকারে অপেক্ষাকৃত বড় ও কারুকার্যখচিত। ভবনের পূর্ব দিকের দেয়ালে রয়েছে একই ধরনের কারুকার্যখচিত খিলান। নকশাখচিত ছাদের কার্নিশ ও রেলিং।
আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম প্রথম আলোকে বলেন, ২০১২ সালে ঢাকা জেলা পরিষদ ভবন ভাঙার সময় এক মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীর ঐতিহ্যবাহী স্থাপনার একটি বর্ধিত ও পরিবর্তিত তালিকা তৈরির নির্দেশ দেন উচ্চ আদালত। তখন ঐতিহ্যবাহী ভবনের একটি তালিকা তৈরি করেছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। কিন্তু এই তালিকায় নিকোলাস পোগজের বাড়িটি ছিল না। গত বছর আরও তিন হাজার ঐতিহ্যবাহী ভবনের একটি তালিকা হেরিটেজ কমিটির কাছে দেওয়া হয়েছে। এই তালিকার প্রথম সারিতে নিকোলাস পোগজের ভবনটি আছে। তাই অবিলম্বে ভবনটি ভাঙার কাজ সরকারকে বন্ধ করতে হবে।

২০০৫ সালে ১৭ জন ব্যক্তি এই বাড়ির জায়গাটি কিনে নিয়েছেন। তাঁদের মধ্যে একজন এনায়েত হোসেন। তিনি বলেন, ‘১৯৩৫ সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে নিলামের মাধ্যমে বাড়িটি কিনে নিয়েছিলেন খান বাহাদুর নামের এক ব্যক্তি। পরে তাঁর স্ত্রী ও মেয়েদের কাছ থেকে আমরা ১৭ জন মিলে কিনে নিই, সব আইনি প্রক্রিয়া যথাযথভাবে শেষ করে।’ তিনি বলেন, ‘রাজউকের ঐতিহ্যবাহী বাড়ির তালিকায় এই বাড়ি নেই। এর মধ্যে গত বছর রাজউক ও সিটি করপোরেশন বাড়ির দেয়ালে “ঝুঁকিপূর্ণ ভবন” সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। তাই আমরা ভবনটি ভেঙে নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এখন বাড়ি ভাঙা বন্ধ করতে যে মানববন্ধন হয়েছে, তার কোনো ভিত্তি নেই।’