ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাচনে আগামী রোববার ভোট। এ নির্বাচনটি ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মুজিবর রহমান ওরফে নিক্সন চৌধুরী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহর ‘মর্যাদার লড়াই’ হিসেবে দেখছেন অনেকে।
কাজী জাফরউল্যাহ সমর্থন করেন আওয়ামী লীগের প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু ফয়েজ মো. রেজাকে (নৌকা) আর নিক্সন চৌধুরীর পছন্দ স্বতন্ত্র প্রার্থী জাফর মুন্সীকে (জগ)। এই দুই প্রার্থীর নেপথ্যে এই দুই নেতা থাকায় গত কয়েক দিনে বেশ কয়েকবার সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১ মার্চ সাংসদ পৌরসভার তিনটি জায়গায় কর্মসূচি দেন। কিন্তু যুবলীগ ও ছাত্রলীগের প্রতিরোধের মুখে এসব কর্মসূচি পালিত হয়নি। ছাত্রলীগের দাবি, ভিন্ন কর্মসূচির নামে মূলত নির্বাচনী প্রচারণা চালাতে চেয়েছিলেন নিক্সন চৌধুরী।
এদিকে অভিযোগ রয়েছে, ১৪ মার্চ রাতে জাফর মুন্সীর সমর্থকেরা আওয়ামী লীগ প্রার্থীর চারটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেন। এ ছাড়া আওয়ামী লীগের তিন নেতার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও রয়েছে। এর জেরে আওয়ামী লীগের সমর্থকেরা জাফর মুন্সীর একটি নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেন। ১৫ মার্চ নিক্সন চৌধুরীর সমর্থকেরা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এসব ঘটনায় দ্রুত বিচার আইনে মামলাও হয়েছে।
উপজেলা উদীচীর সভাপতি লিয়াকত মোল্লা প্রথম আলোকে বলেন, পৌর নির্বাচনে অংশ নেওয়া এই দুই প্রার্থী কিছু নন, মূলত নির্বাচন হচ্ছে কাজী জাফরউল্যাহ ও নিক্সন চৌধুরীর মধ্যে। জয়-পরাজয় যেন তাঁদেরই হবে।
পৌরসভার ভাঙ্গা বাজার মহলার বাসিন্দা ব্যবসায়ী সুজন সাহা বলেন, এ নির্বাচনে মূলত নৌকা ও জগ প্রতীকের আড়ালে এই দুই নেতার মর্যাদা রক্ষার লড়াই চলছে।
‘নিক্সন-জাফরউল্যাহর মর্যাদার লড়াই’ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী আবু ফয়েজ মো. রেজা বলেন, ‘এ ধারণা কিছুটা ঠিক আছে। তবে জনগণ যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন, এ ব্যাপারে আমি আশাবাদী।’
স্বতন্ত্র প্রার্থী জাফর মুন্সীও মনে করেন, এটি দুই নেতার মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে।
এ নির্বাচনে মেয়র পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর তিন প্রার্থী হলেন বিএনপির প্রার্থী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ওয়াহিদুজ্জামান মিয়া (ধানের শীষ), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আসাদুজ্জামান (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবুল ফজল ওরফে প্রিন্স (নারকেলগাছ)।
সাংসদ নিক্সন চৌধুরীর মুঠোফোনে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফোন করলে তিনি সংযোগ কেটে দেন। কিন্তু তাঁর সহকারী একান্ত সচিব মো. জিয়াউল করিম বলেন, জনগণ এমন মনে করলেও আমরা তা মনে করি না। নিক্সন চৌধুরী একজন প্রার্থীকে সমর্থন দিচ্ছেন।
কাজী জাফরউল্যাহও ফোন ধরেননি। তাঁর ব্যক্তিগত কর্মকর্তা মামুন অর রশিদ বলেন, দলের প্রার্থীর পক্ষে আমরা কাজ করছি। কারও মর্যাদা নিয়ে আমরা ভাবছি না। তবে জনগণের মধ্যে এমন একটি ধারণা আছে।