নিখরচায় পাওনা টাকা, চাকরি ফিরে পাচ্ছেন শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ সালে চট্টগ্রামে চালু হয় ‘শ্রমিক আইন সহায়তা সেল’
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের একটি কারখানায় ২৮ বছর নিরাপত্তাকর্মীর কাজ করে অবসরে যান মো. শাহ আলম। কিন্তু অবসরে যাওয়ার সময় তাঁকে তাঁর পাওনা ১ লাখ ৮০ হাজার টাকা দেয়নি কারখানা কর্তৃপক্ষ।

অবসরে যাওয়ার পর গ্রামের বাড়ি কুমিল্লা সদরে চলে যান শাহ আলম। নানাভাবে চেষ্টা করেও তিনি তাঁর পাওনা পাচ্ছিলেন না। আবার পাওয়া আদায়ে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার মতো আর্থিক সামর্থ্যও তাঁর ছিল না।

শাহ আলম এক পরিচিতজনের মাধ্যমে জানতে পারেন, তিনি চাইলে মামলা দায়েরসহ বিনা মূল্যে সরকারিভাবে আইনি সহায়তা পেতে পারেন। এ তথ্য পেয়ে তিনি যান, ‘শ্রমিক আইন সহায়তা সেল’ চট্টগ্রামে।

মামলা করার একপর্যায়ে গত ২৭ এপ্রিল আদালতের মাধ্যমে নিজের পাওনা ১ লাখ ৮০ হাজার টাকা বুঝে পান শাহ আলম।

২০১৬ সালে চট্টগ্রামে চালু হয় ‘শ্রমিক আইন সহায়তা সেল’। এই সেলের মাধ্যমে ২ কোটি ৩১ লাখ ৩১ হাজার টাকা পাওনা বুঝে পেয়েছেন ২২০ শ্রমিক।

নগরের পাঁচলাইশ মোড়ে চট্টগ্রাম শ্রম আদালত ভবনের নিচতলায় ‘শ্রমিক আইন সহায়তা সেল’ অবস্থিত। গত ২৭ এপ্রিল এই সেলে গিয়ে দেখা যায়, পাওয়া বুঝে পেয়ে বৃদ্ধ শাহ আলম বেশ খুশি।

শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘সরকারিভাবে বিনা খরচে আইনি সহায়তা পাওয়ায় মামলা করতে পেরেছি। পাওয়া টাকা হাতে পেয়ে মামলা প্রত্যাহার করে নিয়েছি।’

শুধু শাহ আলমই নন, এই সেলের সহায়তার গত ছয় বছরে প্রায় ২২০ জন শ্রমিক পাওয়া টাকা বুঝে পেয়েছেন। এই শ্রমিকদের পাওয়া অর্থের পরিমাণ ২ কোটি ৩১ লাখ ৩১ হাজার টাকা।

২০১৬ সালে চট্টগ্রামে চালু হয় ‘শ্রমিক আইন সহায়তা সেল’। ২০১৬ সালের আগস্ট থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে সেলের সহায়তায় মামলা হয় ৬৮০টি। ২ হাজার ৫৩ জন শ্রমিককে মৌখিক পরামর্শ দেওয়া হয়।

চট্টগ্রাম শ্রম আদালত ভবনের নিচতলায় ‘শ্রমিক আইন সহায়তা সেল’ অবস্থিত
ছবি: প্রথম আলো

অনেক ভুক্তভোগীকে বিকল্প বিরোধ নিষ্পত্তিব্যবস্থার মাধ্যমে মীমাংসায় উদ্বুদ্ধ করছে সেল। মামলা না করে আদালতের বাইরে আপস-মীমাংসার মাধ্যমে সমাধান করার ব্যবস্থাই বিকল্প বিরোধ নিষ্পত্তি। ছয় বছরে আপসের মাধ্যমে নিষ্পত্তি হয় ৮২৫টি আবেদন। চাকরিতে পুনর্বহাল হন ৮৪ জন শ্রমিক।

গত বছরের ২৮ মে নগরের একটি নামকরা বেকারির বিপণন সহকারী সোহাগ মিয়াকে চাকরিচ্যুত করা হয়। কর্তৃপক্ষের অভিযোগ, তিনি না জানিয়ে চাকরিতে অনুপস্থিত ছিলেন। সোহাগের ভাষ্য, তাঁর জ্বর হয়েছিল।

সোহাগ ‘শ্রমিক আইন সহায়তা সেল’–এ লিখিত আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বেকারি কর্তৃপক্ষকে নোটিশ পাঠায় সেল। পরে আপসের মাধ্যমে ১০ দিন পর তাঁকে চাকরিতে পুনর্বহাল করা হয়। মামলা না করে চাকরি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন সোহাগ।

চট্টগ্রামের দুটি শ্রম আদালতে এখন ২ হাজার ৪৪৯টি মামলা বিচারাধীন। প্রথম শ্রম আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ১ হাজার ৭৮৭। দ্বিতীয় শ্রম আদালতে ৬৬২টি।

দুই শ্রম আদালতে ১ হাজারের বেশি মামলা রয়েছে, যেগুলো ৬ থেকে ৮ বছরেও নিষ্পত্তি হয়নি। গত বছরের মে থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত দুটি আদালতে ৫৭০টি মামলা নিষ্পত্তি হয়।

চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) রাজিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা যাতে সহজে আইনি সেবা পেতে পারেন, সে জন্য শ্রম আদালতের পাশে আইনি সহায়তা সেল চালু রাখা হয়েছে। প্রতিদিন ৩০ থেকে ৪০ জন ব্যক্তি আইনি সহায়তা নিতে এই সেলে আসেন। সেলে প্রথমে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করা হয়। এতে ফল পাওয়া না গেলে ভুক্তভোগীর পক্ষে মামলা করা হয়।

সম্প্রতি চট্টগ্রাম শ্রম আদালতের পাশে অবস্থিত শ্রমিক আইন সহায়তা সেলে গিয়ে দেখা যায়, সেখানে একজন আইন কর্মকর্তা রয়েছেন। তাঁর কাছে পরামর্শ নিতে এসেছিলেন এক ব্যক্তি। তাঁর নাম রবিউল ইসলাম।

গত ফেব্রুয়ারিতে নগরের একটি পোশাক কারখানা থেকে রবিউলের চাকরি চলে যায়। তাঁর দাবি, তাঁকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

শ্রমিক আইন সহায়তা সেলের মাধ্যমে পাওনা টাকা ফিরে পেয়ে খুশি মো. শাহ আলম (ডানে)
ছবি: প্রথম আলো

রবিউল তাঁর পরিচিত এক শ্রমিকের মাধ্যমে সেলের কথা জানতে পারেন। পরে তিনি আইনি সহায়তা পাওয়ার জন্য সেলে আসেন। তাঁকে সহায়তা দেওয়ার লক্ষ্যে তাঁর কাছ থেকে যাবতীয় তথ্য নেন সেলের আইন কর্মকর্তা আবুল হাসনাত।

আবুল হাসনাত জানান, কোনো শ্রমিক তাঁর পাওনা আদায়ে আইনি সহায়তা নিতে সেলে এলে প্রথমে অনুযোগপত্রের মাধ্যমে কারখানা বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে পাওনা দিয়ে দিতে বলা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে পাওনা না দিলে শ্রম আদালতে মামলা করা হয়। এ জন্য নয়জন আইনজীবীর প্যানেল আছে। তাঁরাই শ্রমিকদের পক্ষে বিনা খরচে মামলা পরিচালনা করেন। প্রয়োজনে শ্রম আপিল ট্রাইব্যুনালেও আইনি সহায়তা দেওয়া হয়।

আবুল হাসনাত জানান, বিনা খরচে আইনি সহায়তা দেওয়ার বিষয়ে শ্রমিকদের জানাতে ইতিমধ্যে চট্টগ্রামের শিল্প এলাকায় বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এ ছাড়া শ্রমিকনেতাদেরও জানানো হয়েছে, ভুক্তভোগী শ্রমিকদের আইনি সহায়তার জন্য যেন এই সেলে পাঠানো হয়।

শ্রমিকদের পাওনাসহ নানা দাবি সহজে আদায়ের জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে এগোনোর পরামর্শ দেন শ্রম আইন বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহীন চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, এতে সময় কম লাগবে। দুর্ভোগ কমবে। মালিক-শ্রমিক উভয়ই উপকৃত হবেন। বিনা মূল্যে আইনি সহায়তার পাশাপাশি আপসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিষয়টি অনেক শ্রমিক এখনো জানেন না। তাঁদের মধ্যে সচেতনতা বাড়াতে শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এগিয়ে আসা উচিত।