নিখিল হত্যা মামলায় আসামিরা রিমান্ড শেষে কারাগারে
টাঙ্গাইলের গোপালপুরে দরজি নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে হাজির করা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম অঞ্জন কান্তি দাস তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৩০ এপ্রিল গোপালপুরের ডুবাইল গ্রামে দরজি নিখিল চন্দ্র জোয়ার্দারকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুর রহমান জানান, নিখিল চন্দ্র হত্যাকাণ্ডের পর আলমনগর মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আমিনুল ইসলাম, গোপালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম ও গোপালপুরের আলমনগর এলাকার ঝন্টু মিয়াকে আটক করা হয়। এরপর নিখিলের স্ত্রীর দায়ের করা হত্যা মামলা এবং পুলিশের করা অস্ত্র ও বিস্ফোরক মামলায় এঁদের গ্রেপ্তার দেখানো হয়। গত সোমবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। আদালত দুটি মামলায় তাঁদের তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।