নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার, ৮ দিনেও উদ্ধার হয়নি শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে নিখোঁজের সাত দিন পর সাখাওয়াত হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার আলতাদিঘী শালবন জাতীয় উদ্যান থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। এদিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জান্নাতুল খাতুন (৪) নামের এক শিশুকে অপহরণ করে বিিক্র করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপহরণকারীকে গ্রেপ্তার করা হলেও থানা-পুলিশ এখনো শিশুটিকে উদ্ধার করতে পারেনি। ৭ অক্টোবর শিশুটি অপহৃত হয়।
ধামইরহাটের ছোট মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে ছোট মোল্লাপাড়া গ্রামের রাস্তার কাছে আলতাদিঘী জাতীয় উদ্যানের ভেতরে স্থানীয় লোকজন একটি কঙ্কাল দেখতে পান। খবর পেয়ে জাতীয় উদ্যানসংলগ্ন কোকিল মৌলভীপাড়া গ্রাম থেকে সাখাওয়াতের বাবা আনোয়ার হোসেন ছুটে আসেন। তিনি কঙ্কালের পাশে থাকা কাপড়চোপড় ও জুতা দেখে ছেলের লাশ শনাক্ত করেন।
নিহত কিশোরের পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ৮ অক্টোবর সকালে রবিউল ইসলাম (১৪) নামের সাখাওয়াতের এক বন্ধু ক্যারম খেলার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সাখাওয়াত নিখোঁজ ছিল। ১১ অক্টোবর সাখাওয়াতের বাবা রবিউল ও তার বাবা আবু তালেবের (৩৫) বিরুদ্ধে ধামইরহাট থানায় অপহরণ মামলা করেন। এ ঘটনায় রবিউল ও তার বাবাকে ১২ অক্টোবর গ্রেপ্তার করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বলেন, উদ্ধার করা কঙ্কালটি সাত দিন আগে নিখোঁজ স্কুলছাত্র সাখাওয়াতের বলে দাবি করছে তার পরিবার। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য লাশের ডিএনএ টেস্ট এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে পুলিশ। তিনি আরও বলেন, গ্রেপ্তার রবিউল ও তার বাবাকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হলেও স্বীকারোক্তি দেননি। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে কামারখন্দ থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামতৈল গ্রামের আনোয়ার হোসেনের চার বছরের মেয়ে জান্নাতুলকে ৭ অক্টোবর একই গ্রামের মঞ্জু মিয়া নামের যুবক ফুসলিয়ে অপহরণ করে। পরে তাকে জামতৈল রেলস্টেশন এলাকায় নাজমুল হক নামের একজনের কাছে ৫ হাজার টাকায় বিিক্র করে দেয়। ঘটনা জানাজানি হলে এলাকাবাসী মঞ্জুকে আটক করে পুলিশে দেয়। শিশুটির বাবা কামারখন্দ থানায় মামলা করেছেন।
অপহৃত শিশুটির বাবা আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার দিন দুপুরে জান্নাতুল বাড়ির পাশে তার সঙ্গী রিফাতের সঙ্গে খেলছিল। জান্নাতুলকে খুঁজে না পেয়ে রিফাতকে জিজ্ঞাসা করলে মঞ্জু তাকে নিয়ে গেছে বলে জানায়। পরে মঞ্জু পুলিশের কাছে অপহরণের কথা স্বীকারও করেছে। কিন্তু এরপর নয় দিন পেরিয়ে গেলেও পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করতে পারেনি। মেয়ের শোকে আমরা কাতর হয়ে আছি। আতঙ্কের মধ্যে আছি।’
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দীন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঞ্জু অপহরণের কথা স্বীকার করেছে। সে অপহরণকারী দলের অপর সদস্য নাজমুলের কাছে পাচারের উদ্দেশে শিশুটিকে হয়তো বিক্রি করে দিয়েছে। তারা দুজনই মাদকসেবী। নাজমুলকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।