নিখোঁজ কৃষকের শার্ট, লুঙ্গি ও বাইসাইকেল উদ্ধার
নীলফামারীর ডোমার উপজেলায় নিখোঁজ কৃষক আবদুল মান্নানের (৫০) বাইসাইকেল, পরনের শার্ট, লুঙ্গি ও ব্যাগ গতকাল সোমবার উদ্ধার করেছে পুলিশ। মান্নান উপজেলার হরিণচড়া ইউনিয়নের বালাপাড়া গ্রামের বাসিন্দা।
আবদুল মান্নানের স্ত্রী জহুরা বেগম বলেন, ‘আমার স্বামী গত রোববার বিকেলে বাইসাইকেলে করে ডোমার বাজারে যান। রাতে বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি করা হয়। এরপরও তাঁর সন্ধান মেলেনি। তাঁর ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। গতকাল দুপুরে বাড়ির অদূরের ফাঁকা আবাদি জমির বিভিন্ন স্থানে আমার স্বামীর ব্যবহৃত বাইসাইকেল, শার্ট, লুঙ্গি ও বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন লোক। পরে তাঁরা বিষয়টি আমাকে জানান। ঘটনাটি স্থানীয় লোকজন পুলিশকেও জানান। খবর পেয়ে পুলিশ এসে ওই বাইসাইকেল, শার্ট, লুঙ্গি ও ব্যাগ উদ্ধার করে।’
এ ব্যাপারে হরিণচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, ঘটনাটি ডোমার থানায় জানানো হলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে গতকাল রাত আটটা পর্যন্ত ওই ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন গতকাল বিকেল চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আবদুল মান্নানের নিখোঁজের বিষয়ে তদন্ত চলছে।