নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রিরচরে বুড়িগঙ্গা নদীতে গত শনিবার ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের সন্ধান মেলেনি। তবে ফায়ার সার্ভিস গতকাল রোববার ডুবে যাওয়া ট্রলারটি তীরে টেনে এনেছে।
পুলিশ জানায়, শনিবার সকাল ছয়টার দিকে সদর উপজেলার বক্তাবলীর রাধানগর ঘাট থেকে প্রায় ৩০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডিক্রিরচর যাচ্ছিল। নদীর মাঝামাঝি পৌঁছালে একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে গেলে পাঁচ যাত্রী নিখোঁজ হন। নিখোঁজদের মধ্যে সেলিম মিয়া সাঁতরে তীরে উঠেছেন। তাঁর বাড়ি আড়াইহাজার উপজেলার নাগপাড়া গ্রামে।
নিখোঁজ চারজন হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজির সেলিম খান (৫০), তাঁর মেয়ে মৌসুমী আক্তার (১৫) ও ছেলে ইমন খান (১২) এবং মুন্সিগঞ্জের পশ্চিম মোক্তারপুর এলাকার আবদুল কাদির।
পুলিশ জানায়, শনিবার পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে ট্রলারটি শনাক্ত করলেও নিখোঁজদের সন্ধান পায়নি। রোববার সকালে পুনরায় নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ শুরু করে ও বিকেল চারটার দিকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে তীরে তুলে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দিনমনি বলেছেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজে অংশ নিলেও নিখোঁজদের খোঁজ মেলেনি।
বক্তাবলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুল রাজ্জাক বলেন, নিখোঁজ সেলিমকে রাধানগর মাজারে পাওয়া গেছে। সেলিম পুলিশকে বলেছেন, ট্রলার ডুবে গেলে সাঁতরে তীরে উঠে আবার লেংটা পাগলার মাজারে চলে যান। অন্যদের সন্ধানে আজ সোমবার আবার উদ্ধারকাজ চালানো হবে।