নিখোঁজ চালকের লাশ মিলল, অটোরিকশা মেলেনি
অটোরিকশাসহ নিখোঁজ হওয়ার তিন দিন পর গতকাল সোমবার দুপুরে সিলেটের বিয়ানীবাজারের একটি জলাশয় থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারকালে মুখে স্কচটেপ লাগানো ছিল। অটোরিকশার কোনো খোঁজ না পাওয়ায় পুলিশের প্রাথমিক ধারণা, চালককে হত্যা করে যানটি ছিনতাই করা হয়েছে।
নিহত অটোরিকশাচালকের নাম মাসুদ আহমদ (১৯)। তিনি বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের চারাবই গ্রামের সুজন মিয়ার ছেলে। সিএনজিচালিত নতুন একটি অটোরিকশা নিয়ে তিনি যাত্রী বহনে গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়েছিলেন। রাত একটার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়ায় বিয়ানীবাজার থানায় জিডি করা হয়েছিল।
গতকাল দুপুরে পাশের চারখাই ইউনিয়নের কনকলস এলাকার একটি জলাশয়ে তাঁর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হলে চারখাই পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে এটি মাসুদের বলে শনাক্ত হয়।
চারখাই পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাফিউল পাটোয়ারী বলেন, নিহত ব্যক্তির মুখে স্কচটেপ লাগানো ছিল। লাশের গায়ে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতে নিখোঁজ হওয়ার দিনই তাঁকে হত্যা করা হয়েছে।
মাসুদের মামা লালু মিয়া বলেন, গত বৃহস্পতিবার রাত একটার দিকে সিলেট নগরের সুরমা গেট এলাকা থেকে খিদিরপুরের বাসায় আসার জন্য মাসুদ তাঁর মায়ের সঙ্গে সর্বশেষ মুঠোফোনে যোগাযোগ করেন। এরপর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিয়ানীবাজার থানায় একটি জিডি করা হয়। মাসুদের ব্যবহৃত অটোরিকশাটি নতুন ছিল।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড। জিডিটি হত্যা মামলায় রূপান্তর করে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে।