নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের নিউ আদর্শপাড়ার চার বছরের শিশু রওনক এক মাস ধরে নিখোঁজ। তাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করতে এসে কান্নায় ভেঙে পড়েন তার মা রাশেদা বেগম। ছবিটি গতকাল প্রেসক্লাবের সামনে থেকে তোলা l প্রথম আলো
রংপুর নগরের নিউ আদর্শপাড়ার চার বছরের শিশু রওনক এক মাস ধরে নিখোঁজ। তাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করতে এসে কান্নায় ভেঙে পড়েন তার মা রাশেদা বেগম। ছবিটি গতকাল প্রেসক্লাবের সামনে থেকে তোলা l প্রথম আলো

এক হাতে সন্তানের ছবি। অন্য হাতে মাইক্রোফোন ধরে ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছেন এক মা। মুহূর্তে বেদনাবিধুর হয়ে ওঠে রংপুর শহরের প্রেসক্লাবের সামনের পরিবেশ। গতকাল সোমবার দুপুরে মানববন্ধনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন অপহৃত শিশুর মা রাশেদা বেগম।

রংপুর নগরের নিউ আদর্শপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোছাদ্দেক হোসেন ওরফে রাঙ্গা ও রাশেদা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে তৃতীয় সন্তান রাহিমুল ইসলাম ওরফে রওনক (৪)। গত ১ ডিসেম্বর থেকে নিখোঁজ সে। এ ঘটনায় গত ৩ ডিসেম্বর মোছাদ্দেক হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মোছাদ্দেক হোসেনের খালাতো ভাই মোবাশ্বের আলম অপহরণের সঙ্গে জড়িত বলে মামলায় অভিযোগ করা হয়।

অভিযুক্ত মোবাশ্বেরের বাড়ি জেলার মিঠাপুকুর উপজেলার পাইকারের হাট এলাকায়। ওই দিন থেকে তাঁর (মোবাশ্বের) ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। রাহিমুল নিখোঁজের দিন থেকেই মোবাশ্বেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে কোতোয়ালি থানা-পুলিশ ও অপহৃত শিশুর পরিবার জানিয়েছে।