নিখোঁজ ছেলেকে ফিরে পেতে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক মাস ধরে নিখোঁজ ছেলে মো. ফয়সাল উদ্দিন ওরফে ফরহাদকে (১৪) ফিরে পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন মা-বাবা। চিটাগং পুলিশ ইনস্টিটিউশন বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্র ১ আগস্ট বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয়।

গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানান মা শায়রা বেগম ও বাবা মো. সেলিম। ছেলের কথা বলতে গিয়ে সংবাদ সম্মেলনে বারবার কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. সেলিম বলেন, ছেলে নিখোঁজ হওয়ার দিনই ডবলমুরিং থানায় তাঁরা সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিভিন্ন পত্রিকায় নিখোঁজ সংবাদও ছাপা হয়। ৩ আগস্ট ঢাকার সাভারে একটি টমটম গাড়ি থেকে তাঁর ছেলের ডায়েরি ও দুটি বই পাওয়া যায়। ডায়েরিতে নম্বর দেখে বিষয়টি তাঁকে জানান ওই টমটমের চালক হাসান। পরে বইগুলো পুলিশকে এনে দেওয়া হয়। পরে বিভিন্ন নম্বর থেকে ফোন করে মুক্তিপণও চাওয়া হয়। ছেলেকে ফিরে পেতে তিনি ১৫ হাজার টাকা একটি বিকাশ নম্বরে পাঠান। ওই নম্বর পুলিশকেও দেন।

মা শায়রা বেগম বলেন, ফরহাদ স্কুলে যেতে ১ আগস্ট বাসা থেকে বের হয়। কিন্তু ছুটির পর না ফেরায় খুঁজতে থাকেন তাঁরা। পরে স্কুলে গিয়ে জানতে পারেন সে স্কুলে যায়নি। ছেলেকে ফিরে পেতে তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।

এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত তদন্ত করে যা পেয়েছি তাতে মনে হচ্ছে ছেলেটি স্বেচ্ছায় নিখোঁজ হয়েছে। সে পরীক্ষায় খারাপ করেছিল বলেও জেনেছি। এ জন্য একটু বকাঝকাও করা হয়েছে। তবু আমরা তাঁকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি।’