নিখোঁজ জেলেদের উদ্ধারে ভারত গেছে নৌবাহিনীর ২ জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভারতের জলসীমায় ঢুকে পড়া বাংলাদেশের ছয়টি ট্রলার উদ্ধারের জন্য বাংলাদেশ নৌবাহিনীর দুটি জাহাজ ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’কে গতকাল রোববার ভারতে পাঠানো হয়েছে। জাহাজ দুটি বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে ভারতীয় সীমানায় প্রবেশ করে ব্যাপক উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত বুধবার তিনটি মাছ ধরার ট্রলার মা গঙ্গা, মা কুসুম ও আব্দুল্লাহ নিখোঁজ হয়। এর মধ্যে একটিকে ডুবন্ত ও দুটিকে ভাসমান অবস্থায় খুঁজে পেয়েছে ভারতীয় টহল বিমান। এ সময় ট্রলারে থাকা জেলেরা হাত নেড়ে উদ্ধারের জন্য সাহায্য চাইছিলেন। এ তথ্য ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীকে জানানো হয়। তাৎক্ষণিকভাবে ট্রলার তিনটি উদ্ধারের জন্য নৌবাহিনী ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’ জাহাজকে পাঠায়। জাহাজ দুটি গতকাল সকালে ভারতীয় সীমানায় প্রবেশ করে ব্যাপক উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ট্রলার তিনটিতে প্রায় ৩৫-৪০ জন জেলে আছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাংলাদেশের আরও তিনটি ট্রলার আল্লাহর দান, ফরহাদ ও নাঈম ইঞ্জিন বিকল হয়ে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। ভারতীয় কোস্ট গার্ড আল্লাহর দান ও ফরহাদকে ৩১ জন জেলেসহ তাদের ফ্রাজেরগঞ্জে ঘাঁটিতে নিয়ে যায় এবং নাঈম ট্রলারটি ১৮ জন জেলেসহ উদ্ধার করে, যা এখন ভারতের কুলতলী পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। ট্রলার তিনটিকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় মেরামতের কাজ চলছে। মেরামতকাজ শেষে উদ্ধার হওয়া ট্রলার ও জেলেদের নিয়ে নৌবাহিনীর জাহাজ ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’ শিগগির বাংলাদেশে ফিরবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল তাঁর দপ্তরে প্রথম আলোকে জানান, গত সপ্তাহে বাংলাদেশের জলসীমার পশ্চিম উপকূল দিয়ে ওই ট্রলারগুলো ভারতের জলসীমার অন্তত ১৫ নটিক্যাল মাইল ভেতরে ঢুকে পড়ে। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে সামুদ্রিক অর্থনীতি ও সামুদ্রিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের আওতায় মাছ ধরার ট্রলার ও জেলেদের ফেরত পাঠানো হচ্ছে। ওই সমঝোতা স্মারকে বলা হয়েছে, অসাবধানতাবশত এক দেশের জেলে ট্রলার কিংবা কোনো ধরনের নৌযান নিয়ে অন্য দেশের জলসীমায় প্রবেশ করলে তাঁদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে। গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রসচিবেরা সমঝোতা স্মারকটি সই করেন।