নিখোঁজ তরুণের লাশ সেপটিক ট্যাংকে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাহমুদপুর গ্রাম থেকে নিখোঁজের তিন দিন পর গতকাল বুধবার সকালে রোকেল মিয়া (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের কৃষক বাবুল মিয়ার ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইদুল ইসলাম পাশা (১৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোকেলের বাবা বাবুল মিয়া বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় ছয়জনের নামোল্লেখ করে থানায় হত্যা মামলা করেছেন।
এলাকাবাসী, নিহত রোকেলের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহমুদপুর গ্রামের বাসিন্দা রোকেল মিয়া গত শনিবার রাত ১১টার দিকে একই গ্রামের বকুল মিয়ার বাড়িতে আয়োজিত জিকির মাহফিলে যোগ দিতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। এ ব্যাপারে গত মঙ্গলবার তাঁর বাবা বাবুল মিয়া মোহনগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গতকাল সকালে একই গ্রামের হারিছ মিয়ার বাড়ির পেছনের শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ওই বাড়ির এক নারী বিষয়টি পরিবার ও প্রতিবেশী কয়েকজনকে বলেন। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই ট্যাংক থেকে রোকেল মিয়ার লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই দিন দুপুরে মাহমুদপুর গ্রাম থেকে আলতু মিয়া (৬০) ও সাইদুল ইসলাম পাশা (১৮) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে মামলায় সাইদুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়।
মোহনগঞ্জ থানার এসআই খাইরুল ইসলাম পবলেন, লাশে পচন ধরেছে। মাদক সেবন করার টাকা সংগ্রহ করতে গিয়ে উঠতি বয়সের কিছুসংখ্যক লোক এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে এলাকাবাসী জানিয়েছেন।