নিখোঁজ তানভীরের সন্ধান মেলেনি

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ পরিচয়-দানকারী তানভীর হাসান ওরফে জোহা নিখোঁজ হওয়ার তিন দিন পরও তাঁর সন্ধান পাননি পরিবারের সদস্যরা। এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরিও (জিডি) হয়নি।
গতকাল শুক্রবার তানভীরের এক আত্মীয় প্রথম আলোকে বলেন, গত বুধবার রাত থেকে তানভীরের সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়, কীভাবে আছেন তা তাঁরা জানেন না। তাঁর অভিযোগ, তানভীরের সন্ধানে তাঁর পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি করতে গেলে থানা তা গ্রহণ করেনি। তাঁরা এখন তানভীরের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এরপর তানভীর নিজেকে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ পরিচয় দিয়ে গণমাধ্যমে বিভিন্ন মতামত দেন। পরে আইসিটি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, তানভীরের সঙ্গে আইসিটি বিভাগের কোনো সম্পর্ক নেই।
এরপর গত বুধবার রাতে কচুক্ষেত এলাকায় অজ্ঞাত কয়েকজন তানভীরকে তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।