নিখোঁজ তালিকায় নেই রাজশাহীতে পুলিশ পেটানো শিবির নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র কেড়ে নিয়ে পুলিশকে পেটানো সেই শিবির নেতা শরীফুল ইসলাম ওরফে তুহিন চার বছর ধরে নিখোঁজ রয়েছেন। নিজের পরিবারের সদস্যদের সঙ্গেও এই দীর্ঘ সময়ে তাঁর কোনো যোগাযোগ হয়নি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। অথচ নিখোঁজ এই শিবির নেতার নাম র্যাবের সদ্য প্রকাশিত নিখোঁজ তালিকাতেও নেই।
২০১২ সালের ৬ নভেম্বর রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পুলিশকে বেধড়ক পিটিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যলয়ের শিবির নেতা শরীফুল ইসলাম ওরফে তুহিন।
পুলিশকে হামলার ছবিটি পরের দিন ৭ নভেম্বর প্রথম আলোসহ অন্যান্য পত্রিকার প্রকাশিত হয়। শরীফুলের বাড়ি নাটোরের লালপুর উপজেলার হাশেমপুর গ্রামে। তাঁর বাবার নাম জামাল উদ্দিন। শরীফুল ২০০৪-০৫ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগে ভর্তি হন। পুলিশের ওপর শরীফুল যখন হামলা চালান, ওই সময় তিনি মাস্টার্স পরীক্ষা সমাপ্ত করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে তিনি শিবিরের জোহা হল শাখার সভাপতি ছিলেন। ২০১২ সালে তিনি শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কমিটিতে ছিলেন।
লালপুরে খোঁজ নিয়ে জানা গেছে, এলাকায় আগে থেকেই শরীফুল ইসলাম শিবির ক্যাডার হিসেবে পরিচিত। স্থানীয় লোকজন জানান, হামলার ঘটনার আগেও র্যাব শরীফুলকে আটকের জন্য তাঁর বাড়িতে অভিযান চালিয়েছিল। পত্রিকায় তাঁর ছবি ছাপা হওয়ার পর এলাকায় শরীফুল আলোচনার মূল বিষয়বস্তু হয়ে ওঠেন। হামলার ঘটনার পর পুলিশ নগরের বোয়ালিয়া থানায় দুটি মামলা করে। একটি বিস্ফোরক আইনে, অপরটি দ্রুত বিচার আইনে। দুই মামলাতেই শরীফুল ইসলামকে আসামি করা হয়।
গতকাল সোমবার মুঠোফোনে শরীফুল ইসলামের বাবা জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চার বছর ধরে ছেলের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই। তাঁর দুই ছেলের মধ্যে শরীফুল ছোট। বড়ছেলের নাম সাইফুল ইসলাম। তিনি একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বাবার পরিবারের সঙ্গেই থাকেন। তিনি আরও বলেন, তাঁর পুরো পরিবার আওয়ামী লীগ করে। আত্মীয়স্বজনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শরীফুল শিবিরের রাজনীতিতে জড়িয়ে পড়েন। প্রথমে তাঁরা বিষয়টি বুঝতে পারেননি। শরীফুল পুলিশের ওপর হামলা চালানোর পর পুলিশ তাঁকেও (বাবাকে) জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায়। সেখানেও তিনি একই কথা বলেছেন। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
শরীফুলের মতো নিখোঁজ শিবির নেতার নাম র্যাবের নিখোঁজের তালিকায় না থাকার প্রসঙ্গে গতকাল র্যাব-৫-এর মিডিয়া কর্মকর্তা তোফায়েল হোসেন বলেন, মূলত নিখোঁজ জঙ্গিদের নিয়ে এই তালিকা করা হয়েছে। অবশ্য এ ধরনের শিবির নেতাও একই শ্রেণিতে পড়েন। তবে তালিকাভুক্তির কাজ এখনো শেষ হয়নি। এটা চলমান প্রক্রিয়া। নিখোঁজ কোনো জঙ্গি সম্পর্কে তথ্য পাওয়া গেলেই তাঁর নাম তালিকাভুক্ত করা হবে। শরীফুল ইসলামের বিষয়েও খোঁজ নেওয়া হবে বলে জানান।