নিখোঁজ তিন তরুণের সন্ধান মেলেনি
রাজধানীর বনানী থেকে সম্প্রতি নিখোঁজ তিন তরুণের খোঁজ মেলেনি। তাঁরা জঙ্গিবাদে যুক্ত হয়েছেন কি না, তা বলার সময় এখনো হয়নি বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।
পুলিশের একটি সূত্র বলেছে, ওই তিন তরুণসহ চারজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনী সন্দেহবশত ধরে নিয়ে গেছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছে।
নিখোঁজ তরুণেরা হলেন কামাল হোসেন, ইমাম হোসেন ও হাসান মাহমুদ। কামাল ১ থেকে ৩ জুনের মধ্যে এবং ইমাম ও হাসান ৩ জুন বিকেলে নিখোঁজ হন। এ ব্যাপারে বনানী থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তাঁরা তিনজনই বনানীর একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করতেন।
গতকাল শুক্রবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স কেন্দ্রীয় মসজিদে পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর আইজিপি এ কে এম শহীদুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বনানীর নিখোঁজ তরুণদের নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জিডি হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত চলছে।
এর আগে দেখা গেছে, বিভিন্ন সময় নিখোঁজ তরুণেরা বাড়ি ছেড়ে জঙ্গিবাদে যুক্ত হয়েছেন। এই তরুণেরাও এমন তৎপরতায় যুক্ত হয়েছেন কি না, জানতে চাইলে আইজিপি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এমন কিছু বলা যাবে না। তদন্ত এখন একেবারে প্রাথমিক পর্যায়ে।
ওই তিন তরুণের নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তের সঙ্গে যুক্ত একজন পুলিশ কর্মকর্তা গতকাল বলেন, আরেকটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই তিন তরুণকে ধরে নিয়ে গেছে বলে তাঁরা ধারণা করছেন। পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে তাঁরা জেনেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য একটি বাহিনী সন্দেহবশত ওই তিনজনসহ চারজনকে ধরেছে।
নিখোঁজ এক তরুণের স্বজন গতকাল প্রথম আলোকে বলেন, পুলিশ তৎপরতা বাড়িয়েছে। তবে একজন কর্মকর্তা আভাস দিয়েছেন, অন্য একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ওই তিনজন রয়েছেন।
পুলিশ বলেছে, কামাল ১ জুন অফিসে যাননি। ২ জুন শুক্রবার হওয়ায় অফিসের কেউ তাঁর খোঁজ নেননি। ৩ জুন কামালের পরিবার থানায় জিডি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের কাছে কামালের কোনো ছবি ছিল না। বিকেলে কামালের মামা আবদুর রশিদ ফোন করে কামালের ছবি আছে কি না, জানতে চান ইমাম ও হাসান মাহমুদের কাছে। তাঁরা তাঁদের কম্পিউটারে ছবি আছে জানিয়ে বলেন, সেখান থেকে প্রিন্ট করে দিতে হবে। একটি ছবি প্রিন্ট করে বিকেল পাঁচটার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় যান ইমাম ও হাসান। এরপর থেকে তাঁরাও নিখোঁজ।
‘সুনির্দিষ্ট কোনো তথ্য নেই’
গত বছর পবিত্র রমজান মাসে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা হয়েছিল। সম্প্রতি কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তারের পর পুলিশ জানতে পারে, তাঁরা একজন আলেমের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। এ পরিস্থিতিতে রমজান মাসে ও ঈদে কোনো ধরনের হামলার আশঙ্কা করছেন কি না, জানতে চাইলে আইজিপি বলেন, এ ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। হলি আর্টিজান ও শোলাকিয়ায় হামলার পর পুলিশ জঙ্গি দমনের ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে।