কিশোরগঞ্জের অষ্টগ্রামে ওরস থেকে ফেরার পথে মাসকা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার হয়েছে। আজ বুধবার সকালে অষ্টগ্রাম বাজার ঘাট থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন একই জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের আফতাব উদ্দিন (৩৫) ও সোহেল মিয়া (৩০)। সোহেল পেশায় মুদি দোকানি ও আফতাব কৃষক ছিলেন। তবে রজব আলী (৪৫) নামে এক ব্যক্তি এখনো নিখোঁজ আছেন।
তীরে উঠে আসা যাত্রীদের মধ্যে কয়েকজন জানান, ট্রলারটিতে নয়জন পুরুষ যাত্রী ছিলেন। ওরসে যোগ দিতে গত সোমবার মিঠামইনের খলাপাড়া গ্রাম থেকে তাঁরা একটি ট্রলার ভাড়া করে অষ্টগ্রামে যান। ভোর চারটার দিকে ট্রলারটি খলাপাড়ার উদ্দেশে ছেড়ে আসে। তখন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। কিছুক্ষণ পর ঝোড়ো বাতাস বইতে শুরু করে। ভোর চারটার পর ঝড়ের গতি বাড়ে। সাড়ে চারটার দিকে ট্রলারটি ডুবে যায়। এ সময় ছয় যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে স্থানীয় উদ্যোগে উদ্ধারকাজ শুরু হয়। তাদের সঙ্গে যোগ দেয় ঢাকা থেকে যাওয়া একটি ডুবুরি দল।
তীরে ওঠা যাত্রীদের মধ্যে তোফাজ্জল হোসেন (৪০), তৌফিক মিয়া (৩৮) ও সেন্টু মিয়া জানান, ঝড়ের গতি বাড়লে ট্রলারটি দুলতে থাকে। একপর্যায়ে এটি ডুবে যায়।
অষ্টগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহসীন উদ্দিন জানান, উদ্ধারের পর পরই সোহেল ও আফতাবের মৃতদেহ স্বজনের কাজে বুঝিয়ে দেওয়া হয়েছে। নিখোঁজ অপর যাত্রীর সন্ধানে তল্লাশি চলছে।