নিখোঁজ দুই বাংলাদেশি সম্পর্কে কিছু জানে না মিয়ানমার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে গুলি করে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি সম্পর্কে কিছুই জানে না মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। বাংলাদেশের ঘুমধুম সীমান্তে গতকাল বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ কথা জানায় বিজিপি। বৈঠকের পর বিজিবির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজিবি ও স্থানীয় লোকজন জানান, গত ১৪ ডিসেম্বর সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তে বিজিপির গুলিতে আহত হন স্থানীয় কাঠুরিয়া জয়নাল আবেদীন। এরপর জয়নালকে মিয়ানমারে নিয়ে যায় বিজিপির সদস্যরা। পরের দিন ১৫ ডিসেম্বর সকালে একই স্থান থেকে বিজিপি গুলি করে ছৈয়দ আলম নামে আরেকজন বাংলাদেশিকে ধরে নেয়। দুজনের বাড়িই আশারতলী গ্রামে।
এই ঘটনার প্রতিবাদে বিজিবির পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত চেয়ে বিজিপির কাছে দুটি চিঠি পাঠানো হলেও মিয়ানমার জানায়, বাংলাদেশি নাগরিকের ওপর তারা গুলিবর্ষণ করেনি। কাউকে ধরেও নিয়ে যায়নি।
গত শুক্রবার মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে ধরে নেওয়া এবং সীমান্তে গোলাগুলির ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। এরপর পতাকা বৈঠকে বসতে সম্মত হয় মিয়ানমার।
বৈঠকে বাংলাদেশি দুই নাগরিকের ছবি বিজিপি অধিনায়কের কাছে হস্তান্তর করেন বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান অধিনায়ক ও কক্সবাজারের রামু ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম পারভেজ। গতকালের বৈঠকের পর তিনি প্রথম আলোকে বলেন, বৈঠকে আমরা দুই বাংলাদেশিকে ফেরত চেয়েছি। গুলিতে মৃত্যু হয়ে থাকলেও দুই বাংলাদেশির লাশ ফেরত দিতে বলেছি। কিন্তু বিজিপি কমান্ডার আমাদের জানান, এই ঘটনা সম্পর্কে তাঁরা (বিজেপি) মোটেও অবগত নন। মিয়ানমারের সেনাবাহিনীও এই ঘটনা সম্পর্কে কিছু জানে না। বিজিপি কমান্ডারের দাবি, বাংলাদেশ-মিয়ানমার সরকারের সম্পর্কের অবনতি ঘটাতে দুষ্কৃতকারীরা সীমান্তে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড ঘটাতে পারে। এ বিষয়ে বিজিপির পক্ষ থেকে অনুসন্ধান চালানো হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, গতকালের বৈঠকে মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মংডু ১ নম্বর বিজিপি পুলিশ ব্রাঞ্চের অধিনায়ক লে. কর্নেল চ তে জা।