লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার লুধুয়া মাছঘাটের অদূরে মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ মাসুম বিল্লাহ (২৬) ও হাসান মাহমুদ (২২) নামের দুই ভাইয়ের সন্ধান মেলেনি। গত মঙ্গলবার গভীর রাতে ওই নৌকাডুবির ঘটনা ঘটে।
মাসুম ও হাসানের বাড়ি উপজেলার চরফলকন গ্রামে। হাসান লক্ষ্মীপুর সরকারি কলেজের বাংলা (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।
চরফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, গত মঙ্গলবার রাতে নিজেদের ট্রলার নিয়ে তিন জেলের সঙ্গে মাসুম ও হাসান মেঘনা নদীতে মাছ ধরতে যান। রাত আড়াইটার দিকে হঠাৎ ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় তিন জেলে আবুল কালাম, মো. নুরনবী ও খোরশেদ আলম সাঁতরে তীরে উঠতে পারলেও মাসুম ও হাসান নিখোঁজ হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির আহাম্মদ জানান, নিখোঁজ দুই ভাইয়ের সন্ধানে নোয়াখালী, ভোলা, চাঁদপুর ও লক্ষ্মীপুরের নদী এলাকার বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।