নিখোঁজ ভাইবোনের লাশ উদ্ধার
চট্টগ্রামের রাউজানে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর একটি পুকুর থেকে দুই ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলো পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী গ্রামের বাসিন্দা মফিজুর রহমানের মেয়ে আকলিমা আকতার (৮) ও আবদুর রহমান (৫)। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে বাড়ির সামনের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আকলিমা স্থানীয় উত্তর দেওয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ও আবদুর রহমান ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
ওই দুই শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার দিকে ওই দুই ভাইবোন নিখোঁজ হয়। ১২ ঘণ্টা পর বাড়ির সামনের পুকুরে জাল ফেলে তল্লাশি চালিয়ে তাদের লাশ পাওয়া যায়। শিশু দুটির বাবা মফিজুর রহমানের বাড়ি ভোলায় হলেও তিনি সপরিবারে রাউজানের ওই গ্রামে ভাড়া বাসায় থাকেন।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রোকন উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে দুই ভাইবোনের নিখোঁজ হওয়ার খবর মাইকে প্রচার করা হয়। পরে রাত ১২টায় বাড়ির সামনের পুকুরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ওই দুই ভাইবোনের লাশ পাওয়া যায়। পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছেন।