নিখোঁজ ব্যক্তির চিকিৎসার কথা বলে প্রতারণার চেষ্টা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী বাজারের নিখোঁজ ব্যবসায়ী নাসির উদ্দিনকে (৪০) চিকিৎসা দেওয়ার কথা বলে একটি প্রতারক চক্র তঁার পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে৷
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক জানান, গত শুক্রবার বিকেলে এক ব্যক্তি তাঁর মুঠোফোনে নিজেকে ১৮ ব্যাটালিয়ন (পঞ্চগড়) বিজিবির অধিনায়ক পরিচয় দিয়ে বলেন, পঞ্চগড় সদর হাসপাতালে নাসির আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন৷ ঘটনাটি নাসিরের পরিবারকে জানাতে বলেন। ওসি নাসিরের পরিবারকে ওই মুঠোফোন নম্বরটি দিয়ে যোগাযোগ করতে বলেন। যোগাযোগ করা হলে ওই ব্যক্তি নাসিরের পরিবারের সদস্যদের পঞ্চগড় সদর হাসপাতালের কথিত চিকিৎসক এমদাদের মুঠোফোন নম্বর দেন। ওই নম্বরে ফোন করা হলে তিনি নাসিরের সিটিস্ক্যান করার কথা বলে নয় হাজার টাকা পাঠাতে একটি বিকাশ নম্বর দেন। বিষয়টি পুলিশকে জানানো হলে প্রযুক্তি ব্যবহার করে জানা যায় খুলনা নগর থেকে ওই প্রতারকেরা ফোন করেছে।
নাসির উদ্দিন মল্লিক বলেন, এ ঘটনায় গত শুক্রবার বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।