নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার পিঙ্গাইল এলাকা থেকে নিখোঁজ হওয়ার সাত দিন পর গত বৃহস্পতিবার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তি হলেন সদর উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা ও মুদি ব্যবসায়ী মনিরুজ্জামান (৪৮)। তিনি পিঙ্গাইল এলাকার একটি রিসোর্টে মালামাল সরবরাহ করতেন। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন পিঙ্গাইল এলাকার লিটন চন্দ্র বর্মণ (১৯), প্রদীপ বাবু (১৯) ও প্রদীপ বর্মণ (২০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া লিটনের কাছ থেকে ব্যবসায়ী মনিরুজ্জামানের ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়েছে। মাদক নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রের বিবরণ অনুযায়ী, ৬ অক্টোবর মনিরুজ্জামান দোকান থেকে মালামাল নিয়ে বাইসাইকেলে করে পিঙ্গাইল এলাকার ওই রিসোর্টের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খুঁজেও না পেয়ে গত সোমবার জয়দেবপুর থানায় তাঁর ভাই কাওসার আহমেদ মামলা করেন। মনিরুজ্জামানের মুঠোফোনের সূত্র ধরে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ গত বৃহস্পতিবার লিটনকে আটক করেন। তাঁর দেওয়া তথ্যানুযায়ী পিঙ্গাইল এলাকা থেকে একই দিন প্রদীপ বাবুকে আটক করা হয়। পাশাপাশি রিসোর্টের পাশের বন থেকে মনিরুজ্জামানের লাশ ও তাঁর বাইসাইকেলটি উদ্ধার করা হয়। ওই দুজনের দেওয়া তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকালে একই এলাকা থেকে প্রদীপ বর্মণকেও আটক করা হয়। তাঁরা পুলিশের জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামানকে হত্যার পর বনে ফেলে যাওয়ার কথা স্বীকার করেন। তাঁদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ বলেন, মনিরুজ্জামানকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। তাঁর শরীরে মারধরের চিহ্নও রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।