নিখোঁজ রাকিবের জন্য কেঁদে ফিরছেন মা

বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লায় ছোট্ট রাকিব (৮) থাকত নানিবাড়িতে। হতদরিদ্র পরিবারের চঞ্চল এই শিশুটিকে এলাকার সবাই চিনতেন ও ভালোবাসতেন। শিশুটি তিন সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। সে নিখোঁজ হওয়ার পর থেকেই কেঁদে ফিরছেন মা লাকি খাতুন ও নানি ফরিদা খাতুনসহ স্বজনেরা। রাকিবের প্রতিবেশীরাও রয়েছেন উৎকণ্ঠায়।
রাকিবের মা লাকি খাতুন জানান, রাকিবের বাবা কামরুল মোল্লা রাজমিস্ত্রির সঙ্গে জোগালির কাজ করেন। এরই মধ্যে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কোতোয়ালবাগে থাকেন। আর রাকিব থাকত বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লায় মায়ের সঙ্গে নানিবাড়িতে। মাসখানেক আগে রাকিবের বাবা তাকে নারায়ণগঞ্জে তাঁর ভাড়া বাসায় নিয়ে যান। সেখান থেকে গত ১১ মে সে খেলার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। তার সন্ধানে তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেছেন। এলাকায় মাইকিংও করেছেন। কিন্তু এত দিনেও তার খোঁজ মেলেনি।
রাকিব নিখোঁজ হওয়ার খবরে সংবাদে তার মা লাকি খাতুন ও নানি ফরিদা খাতুন ভেঙে পড়েছেন। প্রতিনিয়ত কেঁদে চলেছেন তাঁরা।
ফরিদা খাতুন বলেন, ‘কয়েক দিনের জন্য রাকিবকে নারায়ণগঞ্জে বেড়াতে নিয়ে যায় ওর বাবা। সেখানে ও নিখোঁজ হওয়ার পর থেকেই আমাদের নাওয়া-খাওয়া বন্ধ হয়ে গেছে। আমরা গরিব মানুষ। কোথায় গিয়ে ওকে খুঁজব? কেউ যদি ওকে পেয়ে আমাদের খবর দিত, তবে আমরা চিরকৃতজ্ঞ থাকতাম।’
রাকিবের মা ও নানি তার সন্ধানে সহযোগিতার জন্য সবার কাছে আকুল আবেদন জানিয়েছেন। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বা ও থুতনিতে কাটা দাগ রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা চেক গেঞ্জি ও ফুলপ্যান্ট। কেউ তার খোঁজ পেলে ০১৯৫৫-১১৫৯৭৬ নম্বর মুঠোফোনে অথবা ফতুল্লা থানায় জানানোর জন্য অনুরোধ করেছেন তাঁরা।