চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা চেয়ে চিঠি দিয়েছে হাটহাজারী থানা-পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ চিঠি দেন। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর সারা দেশে নিখোঁজ তরুণদের তালিকা করছে পুলিশ।
এ বিষয়ে ওসি মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, জঙ্গি তৎপরতা ঠেকাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নিখোঁজ আছে কি না, সে তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন তাঁরা। এ ছাড়া ক্লাসে দীর্ঘদিন ধরে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকাও তাঁরা চেয়েছেন। পুলিশের তদন্তে এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন এমন তথ্য পাওয়া যায়নি বলেও জানান ওসি।
পুলিশের তালিকা চেয়ে চিঠির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘চিঠি পেয়েছি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ এবং ইনস্টিটিউট-প্রধানদের কাছে তথ্য চাওয়া হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের কারও বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।