নিখোঁজ শ্রমিকদের জন্য সেল গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সাল থেকে সর্বশেষ রানা প্লাজাসহ পোশাকশিল্প কারখানায় বিভিন্ন দুর্ঘটনায় ২০০ জনের বেশি শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাঁদের তালিকা নেই সরকারের কাছে। এসব শ্রমিকের জন্য শ্রম মন্ত্রণালয়ের অধীনে একটি সেল গঠন করতে হবে। এই সেল নিখোঁজ শ্রমিকের কবর শনাক্তকরণ, ক্ষতিপূরণসহ বিভিন্ন বিষয় দেখার জন্য দায়বদ্ধ থাকবে।
গত বৃহস্পতিবার গবেষণা দল অ্যাকটিভিস্ট নৃবিজ্ঞানী আয়োজিত ‘কবরটাও তো পাইলাম না, কী দেখে সান্ত্বনা পাব’—নিখোঁজ শ্রমিকের সন্ধান-প্রক্রিয়া এবং বাংলাদেশে ডিএনএ পদ্ধতির প্রতিবন্ধকতাবিষয়ক গোলটেবিল বৈঠকের আলোচকেরা এসব দাবি জানান।
ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অ্যাকটিভিস্ট নৃবিজ্ঞানীর সদস্য নাজনীন শিফা। শুরুতে বৈঠক আয়োজনকারী গবেষণা দলের সদস্য সায়দিয়া গুলরুখ দলের পক্ষ থেকে করা গবেষণার বিভিন্ন তথ্য তুলে ধরেন। বৈঠকে তৈরি পোশাক কারখানা তাজরীন ও হা-মীমে অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়া শ্রমিক জরিনা বেগম তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
আলোচনায় মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেন, পোশাকশিল্প কারখানায় দুর্ঘটনার পর সরকারের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয়ের অভাব থাকে। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, কারখানায় মৃত মানুষের গুমের অনেক ইতিহাস আছে। নিখোঁজ শ্রমিকদের হিসাব নিয়ে মালিক ও শ্রমিকদের দেওয়া তথ্যের মধ্যে অনেক গরমিল থাকে। ইচ্ছা করেই মালিকেরা শ্রমিকদের অদৃশ্য রাখতে চান। তিনি প্রতিটি কারখানায় শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা রাখা এবং তা তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর কাছেও সংরক্ষণ করার দাবি জানান। এতে নিহত এবং নিখোঁজ শ্রমিকদের নিয়ে যারা ব্যবসা করতে চায়, তাদের ব্যবসার পথও বন্ধ হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির জাতীয় উপদেষ্টা (কারিগরি) অধ্যাপক শরীফ আখতারুজ্জামান যেকোনো দুর্ঘটনার পর নিহত সবার কাছ থেকে নমুনা সংগ্রহ করে রাখার বিষয়টিতে গুরুত্ব দেন। সে জন্য দুর্ঘটনা যে জায়গায় ঘটবে, তারই আশপাশে অস্থায়ী মর্গ তৈরির সুপারিশ করেন।
নিজেরা করির সমন্বয়ক খুশী কিবর বলেন, কারখানার শ্রমিকেরা শুধু কয়েকটি নম্বর নয়, তাঁরা ব্যক্তি মানুষ, তাঁদের মর্যাদা এবং স্বীকৃতি দেওয়ার জন্য সবার পক্ষ থেকে জোরালো আওয়াজ তুলতে হবে।
শ্রমিক আন্দোলনের নেত্রী মোশরেফা মিশু বলেন, বিভিন্ন দুর্ঘটনার পর দীর্ঘদিন পার হলেও নিখোঁজ শ্রমিকদের তালিকা তৈরি করা হয়নি। শ্রমিক আন্দোলনকর্মীদের কারখানার ভেতরে ঢুকতেই দেয় না।
আলোচনায় অংশ নেন শ্রমিক আন্দোলনের নেতা রায় রমেশ চন্দ্র, বিলসের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহির আহমেদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী, অ্যাকটিভিস্ট নৃবিজ্ঞানীর সদস্য মাহমুদুল সুমন প্রমুখ।