নিখোঁজ শ্রমিকের লাশ মিলল কারখানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের তিন দিন পর গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা খরতৈল এলাকায় একটি পোশাক কারখানা থেকে গতকাল বুধবার এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

ওই শ্রমিকের নাম সাইফুল ইসলাম (৩২)। তিনি মিবিয়েলা টেক্স লিমিটেড নামের ওই কারখানার তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) অপারেটর ছিলেন। বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সদরে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে টঙ্গীর খরতৈল এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

জানতে চাইলে সাইফুলের স্ত্রী ইসমত আরা প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী সাইফুল প্রায় ১০ বছর ধরে ওই কারখানায় কাজ করছিলেন। গত রোববার রাত ১০টার দিকে কারখানার উদ্দেশে বাসা থেকে বের হয়ে যান। রাতের পালা শেষে পরদিন সোমবার সকালে তাঁর বাসায় ফেরার কথা ছিল। কিন্তু দুপুরেও তিনি বাসায় ফেরেননি। পরে বারবার কারখানায় যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ সাইফুলের কোনো সন্ধান দিতে পারেনি। এ ঘটনায় গত মঙ্গলবার টঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে শ্রমিকেরা ইটিপিতে একটি লাশ ভাসতে দেখেন। পরে স্বজন ও সহকর্মীরা লাশটি সাইফুলের বলে শনাক্ত করেন। পুলিশ রাত সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গতকাল রাত পৌনে ১১টায় জানতে চাইলে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, সাইফুলের গলায় মাফলার প্যাঁচানো ছিল।