নিখোঁজ সেবায়েতের লাশ পুকুর থেকে উদ্ধার
নিখোঁজের এক দিন পর গতকাল শনিবার ভোলার এক মন্দিরের সেবায়েত লাবণ্য রানী দাসের (৫০) লাশ পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তজুমদ্দিন উপজেলার মহাদেবকান্দির শ্রীশ্রী মহাদেব মন্দিরের সেবায়েত লাবণ্য রানী শুক্রবার ভোর থেকে নিখোঁজ ছিলেন বলে তাঁর স্বামী বলেছিলেন।
লাবণ্য রানী দাসের স্বামী চিত্তরঞ্জন দাস (৬২), স্বজন খগেন্দ্রচন্দ্র দাসসহ স্থানীয় কয়েকজন বলেন, ৩০-৩৫ বছর ধরে লাবণ্য মহাদেবের ধ্যানে বসতেন। ধ্যানের একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়তেন। স্বজনেরা বলেন, লাবণ্য রানী প্রায়ই নিখোঁজ হয়ে যেতেন। আবার দুই-তিন দিন পর নিজেই ফিরে আসতেন। আর এ জন্যই শুক্রবার ভোরে তাঁকে দেখা না গেলেও কেউ খোঁজাখুঁজি করেনি। গতকাল মন্দিরের অদূরের পুকুরের কাছে লাবণ্যর জুতা ও ফুলের ডালা পড়ে থাকতে দেখে সবার সন্দেহ হয়। খোঁজাখুঁজি করলে পুকুরে লাশ দেখা যায়।
তজুমদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, মজা পুকুরটিতে কচুরিপানার ভেতরে লাশটি চিত হয়ে ছিল।
উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিমল বিশ্বাস বলেন, লাবণ্য রানী ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর সঙ্গে কারও বিরোধ ছিল না।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহিন মণ্ডল বলেন, ‘লাবণ্য রানী ফুল তুলতে গিয়ে দুর্ঘটনাবশত পুকুরে পড়ে ডুবে যান বলে আমরা সন্দেহ করছি। লাশ ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।’