লিবিয়া উপকূলের কাছে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ ২৪ জন বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য পায়নি লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। তাঁদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে নিখোঁজ বাকি ১৮ জনের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে এখনো নিশ্চিত নন দূতাবাসের কর্মকর্তারা।
যোগাযোগ করা হলে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর আশরাফুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে এসব তথ্য দিয়ে বলেছেন, জীবিত উদ্ধার করা বাংলাদেশিদের মধ্যে দেশে ফিরতে আগ্রহী ব্যক্তিদের সংখ্যা কিছু বেড়েছে। এখন প্রায় ২০ জন দেশে ফেরার আগ্রহ জানিয়েছেন। গত রোববার পর্যন্ত ১৫ জন দেশে আসার আগ্রহ দেখিয়েছিলেন। ১০-১২ দিনের মধ্যে আগ্রহী বাংলাদেশিদের দেশে পাঠানো সম্ভব হবে।
জীবিত বাংলাদেশিদের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জনকে দূতাবাসের জিম্মায় নেওয়া হয়েছে। অন্যরা লিবীয় কর্তৃপক্ষের অধীনে আটক রয়েছেন।
গত বৃহস্পতিবার ভূমধ্যসাগরে ডুবে যাওয়া দুটি নৌকায় বিভিন্ন দেশের ৪০০ থেকে ৫০০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাঁদের মধ্যে অন্তত ৭৮ জন বাংলাদেশি। এর মধ্যে ৫৪ জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এঁদের মধ্যে যাঁরা দেশে ফেরত আসতে চান, তাঁদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) মাধ্যমে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।