নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজার এলাকায় ছোট ফেনী নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ দুটি উদ্ধার করেন। এ নিয়ে ওই নৌকাডুবির ঘটনায় এক শিশুসহ চারজনের লাশ উদ্ধার হলো।
গতকাল উপজেলার চর ফকিরা ইউনিয়নের আজগর আলী দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাবিতা আক্তারের (১২) ও অষ্টম শ্রেণির ছাত্রী বিবি ফাতেমার (১৪) লাশ উদ্ধার করা হয়। তাদের বাড়ি চর ফকিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। উদ্ধারের পর পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।
গত বুধবার বিকেলে মুছাপুর ক্লোজার এলাকায় ছোট ফেনী নদীতে আজগর আলী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ ৪০-৫০ জনকে বহনকারী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। ঘটনার পর এক নারী ও এক শিশুর লাশ উদ্ধার করা হয় ও দুই ছাত্রী নিখোঁজ ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ দুই ছাত্রীকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেন। কিছুক্ষণ পর দুটি লাশ নদীতে ভাসতে দেখা যায়। লাশ দুটি তীরে তোলার পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তাঁরা এসে লাশ দুটি শনাক্ত করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় অবহেলার অভিযোগে গতকাল নৌকার মালিকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।