চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে নিখোঁজ হওয়া কিশোর ও তরুণদের তথ্য সংগ্রহে মাঠে নেমেছে পুলিশ। এ জন্য নগর গোয়েন্দা পুলিশের একজন অতিরিক্ত উপকমিশনারের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত সাড়ে তিন বছরে নগরের ১৬ থানায় নিখোঁজ হওয়ার ঘটনায় করা সাধারণ ডায়েরি (জিডি) যাচাই-বাছাই করবে এ কমিটি। জিডির বাইরেও কেউ নিখোঁজ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখবেন কমিটির সদস্যরা।
নিখোঁজ তরুণদের কেউ জঙ্গি তৎপরতায় জড়িত হয়ে পড়েছেন কি না—তা খুঁজে বের করবে পুলিশ। গুলশানে রেস্তোরাঁয় ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলাকারী তরুণেরা দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম নগর পুলিশের পক্ষ থেকে নিখোঁজ তরুণদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য গতকাল রোববার দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ২০১৩ সাল থেকে নগরের ১৬ থানায় নিখোঁজ হওয়া তরুণদের তালিকা তৈরি করা হচ্ছে। এ জন্য নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসানকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গত শনিবার গঠন করা হয়েছে। অবশ্য ঈদের দিন (৭ জুলাই) থেকে তাঁরা প্রাথমিক কাজ শুরু করেছেন।
দেবদাস ভট্টাচার্য্য বলেন, নিখোঁজ হওয়া তরুণদের আত্মীয়স্বজনের সঙ্গে আলাপ করে তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। তাঁরা কী করতেন, কাদের সঙ্গে মিশতেন—সব তথ্য নেওয়া হচ্ছে। কারা জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত হতে পারেন—তাও খতিয়ে দেখা হবে। অবশ্য সাড়ে তিন বছরে নগরের ১৬ থানায় নিখোঁজের ঘটনায় কতটি ডায়েরি হয়েছে তা জানাতে পারেননি তিনি।
চট্টগ্রাম জেলা পুলিশও নিখোঁজ হওয়া তরুণদের সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। চট্টগ্রাম অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, জেলার ১৬ থানার পুলিশও নিখোঁজ তরুণদের তালিকা তৈরির কাজ শুরু করেছে।
তালিকা তৈরির সঙ্গে যুক্ত একাধিক পুলিশ সদস্য প্রথম আলোকে বলেন, গত বছরের অক্টোবর মাসে খোয়াজনগরে অভিযান চালিয়ে জেএমবি চট্টগ্রামের সামরিক কমান্ডার জাবেদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। পরদিন অস্ত্র উদ্ধার অভিযানে গেলে কথিত গ্রেনেড বিস্ফোরণে জাবেদ নিহত হন। ডিসেম্বর মাসে হাটহাজারীর আমানবাজারে জেএমবি চট্টগ্রামের প্রধান ফারদিন ওরফে নোমানের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করে পুলিশ। এ জন্য নিখোঁজ তরুণদের কেউ কেউ পরিবার থেকে বিছিন্ন হয়ে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাঈল বলেন, গুরুত্ব দিয়ে নিখোঁজ ডায়েরিগুলো পর্যালোচনা করা হচ্ছে। বায়েজীদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মুহসীন বলেন, নিখোঁজ হওয়ার পর কেউ পরিবারে ফিরে এসেছেন কি না তা-ও যাচাই-বাছাই করা হচ্ছে।