নিখোঁজের আট দিন পর যমুনার চরে তরুণের বস্তাবন্দী লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার আট দিন পর সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার যমুনা নদীর প্রত্যন্ত চর মেহেরনগর এলাকা থেকে এক তরুণের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম ওমর আলী (১৮)। তিনি বড়ধুল ইউনিয়নের চরগোলকপুর গ্রামের মছির উদ্দিনের ছেলে। স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল বুধবার বেলা দুইটার দিকে লাশটি উদ্ধার করে।
বেলকুচি থানা সূত্রে জানা যায়, ওমর ৭ ফেব্রুয়ারি সকালে মাষকলাই তোলার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। গতকাল দুপুরে স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরতে গেলে তাঁদের জালে একটি বস্তা উঠে আসে। ডাঙায় তোলার পর সেটি খুলে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের অর্ধগলিত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ বেলা দুইটার দিকে ওমরের লাশ উদ্ধার করে। লাশের হাত-পা ও গলায় দড়ি বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর ছেলেটিকে বস্তায় ভরে নদীতে ফেলে দুর্বৃত্তরা।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ওমরের বাবা মছির উদ্দিন বাদী হয়ে বেলকুচি থানায় হত্যা মামলা করেছেন।
মছির উদ্দিন বলেন, ‘আমার ছেলের বা আমার সঙ্গে কারও কোনো শত্রু ছিল না।’