নিখোঁজের এক দিন পর জলাশয় থেকে গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের একটি জলাশয় থেকে গতকাল মঙ্গলবার দুপুরে মোমেনা আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ সূত্র জানায়, উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের মধ্যম কৌশল্যা গ্রামের বাসিন্দা মোমেনা আক্তার বেশ কিছুদিন ধরে অসুস্থতার কারণে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার দুপুর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরিবার দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। গতকাল দুপুরে স্থানীয় লোকজন এলাকার জলাশয়ে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মোমেনার বাবা মো. সোলায়মান মেয়ের লাশ শনাক্ত করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ওই গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।