শরীয়তপুরে সরকারি শিশু পরিবার থেকে নিখোঁজের এক দিন পর গতকাল রোববার আরমান খালাসি নামে পাঁচ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে গতকাল দুপুরে তার মা আসমা বেগম ছেলে নিখোঁজের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সরকারি শিশু পরিবার সূত্রে জানা গেছে, নড়িয়ার চাকধ গ্রামের মৃত রুহুল আমিন খালাসির ছেলে আরমানকে গত ১৫ অক্টোবর সেখানে ভর্তি করা হয়। বর্তমানে এখানে ৫৪ জন শিশু রয়েছে। তাদের দেখভালের জন্য দুজন বড় ভাই (বিগ ব্রাদার্স) কর্মরত রয়েছেন। তাঁদের একজন মোসলেম উদ্দিন বৃহস্পতিবার থেকে দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করছেন। আরেকজন ফজলুল হক গত বুধবার থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। গত শনিবার দুপুর থেকে আরমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
আসমা বেগম বলেন, ‘স্বামী দুর্ঘটনায় মারা যাওয়ার পর বাধ্য হয়ে ছেলেকে শিশু পরিবারে ভর্তি করি। প্রতিদিন ফোনে ছেলের সঙ্গে কথা বলি। শনিবার কয়েকবার ফোন করলে তাঁরা আমাকে জানায়, আরমান খেলা করছে। রাতে ফোন করলে বলে সে ঘুমিয়ে আছে। রোববার শিশু পরিবারে এসে জানতে পারি শনিবার দুপুর থেকে আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না।’
শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান গতকাল রাত সাড়ে সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গতকাল দুপুরে আরমানের মা থানায় একটি জিডি করেন। এরপর পুলিশ তাকে উদ্ধারে অভিযান চালায়। ঢাকা-শরীয়তপুর সড়কের নড়িয়ার নশাসন এলাকায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত তাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের বাধার মুখে দুর্বৃত্তরা শিশুটিকে রেখে পালিয়ে যায়। শিশুটিকে তার মায়ের কাছে দেওয়া হয়েছে।
শরীয়তপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ও সরকারি শিশু পরিবারের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মনোয়ার হোসেন বলেন, যাঁদের অবহেলায় শিশুটি নিখোঁজ হয়েছিল, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।