নিখোঁজের ছয় দিন পর লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার ছয় দিন পর এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ দেওলিয়া গ্রামের একটি পুকুর থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম শেখ মনিরুজ্জামান (৩২)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের শেখ আবদুর রশিদের ছেলে।
নিহতের ভাই শেখ আবদুল মজিদ বলেন, তাঁর ভাই শেখ মনিরুজ্জামান দীর্ঘদিন ভারতের ইটভাটায় শ্রমিকের কাজ করার পর ১ জানুয়ারি বাড়িতে ফেরেন। ১৫ জানুয়ারি তাঁর ভগ্নিপতি শ্যামনগর উপজেলার দক্ষিণ দেওলিয়া গ্রামের রেজাউল শেখের বাড়িতে বেড়াতে আসেন। ২২ জানুয়ারি রাত থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল বেলা ১১টার দিকে তাঁর ভগ্নিপতির বাড়ি থেকে ৫০০ গজ দূরে মনসুর আলী সরদারের পরিত্যক্ত পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ গিয়ে দুপুর ১২টার দিকে উদ্ধারের পর দেখা যায় এটি তাঁর ভাইয়ের লাশ।
শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) ফণীভূষণ সরদার বলেন, উদ্ধার করা মৃতদেহটি কয়েক দিন আগের। মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না পানিতে ডুবে মৃত্যু, তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিহতের ভাই শেখ আবদুল মজিদ তাঁর ভাইয়ের মৃত্যু নিয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।