মাওয়ায় লঞ্চডুবিতে নিখোঁজ নামের তালিকার থেকে ৪৯ জন বেঁচে আছে। এখন নিখোঁজ রয়েছে ৬৪ জন।
গতকাল শনিবার রাত আটটা পর্যন্ত আরও ছয়টি লাশ পাওয়া গেছে। এ নিয়ে মোট লাশের সংখ্যা দাঁড়াল ৪৬-এ। এর মধ্যে ২৮ জনের পরিচয় মিলেছে। গতকাল বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে আরও তিনটি লাশ। এ নিয়ে বেওয়ারিশ লাশের সংখ্যা দাঁড়াল ১৫। এ ছাড়া আরও তিনটি লাশের পরিচয় পাওয়া যায়নি।
নিখোঁজের তালিকার ৪৯ জনের বেঁচে থাকা সম্পর্কে মাওয়া নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত পুলিশ পরিদর্শক মজিবর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা নিখোঁজ নামের তালিকা দেখে স্বজনদের দেওয়া মুঠোফোন অনুযায়ী আজ (গতকাল শনিবার) সারা দিন তাঁদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, তাঁরা বেঁচে আছেন। সবকিছু পর্যালোচনা করে এখন আমরা ৬৭ জন নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত হয়েছি।’
২৮ লাশের পরিচয়: হিরা (২২), পিতা নুরুল হক, শিবচর, মাদারীপুর; হাশিয়া বেগম (৫০), শিবচর, মাদারীপুর; তানিয়া (২৫), নগরকান্দা, ফরিদপুর; ফাইজুল করিম, কাঁঠালিয়া, ঝালকাঠি; মঈনুদ্দিন (২৫), নগরকান্দা, ফরিদপুর; আবু ইউসুফ (২২), সদরপুর, ফরিদপুর; জাকির হোসেন জুলহাস (৪০), বাকেরগঞ্জ, বরিশাল; ইশরাত হোসেন মিম (১৩), গাজীপুরের কাপাসিয়া; সায়েদুল হক গাজী (৫৫), কমলনগর, লক্ষ্মীপুর; শেফালী (৩৮), সালথা, ফরিদপুর; নুর আলম (১৪) উত্তর বাগারকান্দি, শিবচর, মাদারীপুর; কাজী আনোয়ার উল্লাহ (৬৫), উপজেলা কমলনগর, লক্ষ্মীপুর; মইনুল (৩), শিবচর, মাদারীপুর; রোকসানা বেগম (৩০), বোয়ালকান্দা, শিবচর, মাদারীপুর; আহম্মদ খান (৪০), ভাঙ্গা, ফরিদপুর; ফায়েজুল হক (২২), কাঠাদিয়া, ঝালকাঠি; লাকি (২০), জাজিরা, শরীয়তপুর; রিতা আক্তার (২৫), নগরকান্দা, ফরিদপুর; ইব্রাহিম (১ বছর ৭ মাস), শিবচর, মাদারীপুর; ইভা আক্তার (১৪), দক্ষিণ কোরারচর, শিবচর, মাদারীপুর; জাহিদ হোসেন (১২), বাগেরগঞ্জ, বরিশাল; শহীদুল ইসলাম (৪০), সদরপুর, ফরিদপুর; ফাইজা (৭), সদরপুর, ফরিদপুর; আলমগীর সরদার (৩০), ভুরঘাট, গৌরনদী, বরিশাল; মেরি (৭) ব্রাহ্মণনগর, মুকসুদপুর, গোপালগঞ্জ; ইমা আক্তার (১৫), ঢালশিকান্দি, মাদারীপুর; জাহানা বেগম (৩৫), ফতুল্লা, নারায়ণগঞ্জ এবং মিজানুর রহমান, শিবচর, মাদারীপুর।
পরিদর্শক মজিবর রহমান জানান, গতকাল সকাল আটটার দিকে ভোলার দৌলতখান এলাকায় নদী থেকে তিন বছরের শিশু মইনুলের লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি মাদারীপুরের শিবচরে। অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে হাতিয়া থেকে আহম্মদ খান ওরফে লিটনের (৪০) লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি ফরিদপুরের ভাঙ্গার ভদ্রকান্দা গ্রামে।
লিটনের লাশ উদ্ধার হয়েছে শুনে গতকাল সকাল থেকে শিবচরের পাঁচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িয়ে থাকেন তাঁর চাচাতো ভাই হাবিবুর রহমান খান। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা ছয় দিন ধরে ভাইয়ের লাশের জন্য আসছি। সকালে হাতিয়ায় তার লাশ উদ্ধার করে জেলেরা। ভাইয়ের পকেটে আমাদের গ্রামের এক ব্যবসায়ীর কার্ড ছিল। জেলেরা তাকে ফোন দেয়। পরে তিনি আমাদের জানান। এরপর আমি এখানে এসেছি।’
মাদারীপুরের কালকিনির দাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবুজ কাজীর পরিবারের স্ত্রী ময়না (২০) ও তাঁর ছেলে এক বছরের তৌফিক কাজীসহ চারজন নিখোঁজ। ময়নার বাবা শহীদ সরদার প্রথম আলোকে বলেন, ‘দুজনের লাশ পেয়েছি। মেয়ে ও নাতির লাশ পাইনি। অপেক্ষা করে আছি।’