নিখোঁজের তিন মাস পর স্কুলছাত্র দৌলতদিয়া থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে নিখোঁজের তিন মাস পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকার একটি আবাসিক বোর্ডিং থেকে মাহফুজুর রহমান বিশ্বাস (১৬) নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। তার বাবার নাম মো. ঠান্ডু বিশ্বাস।

ঝিনাইদহ সদর উপজেলার হুদাপুটিয়া গ্রামে তাদের বাড়ি। মাহফুজুর রহমান ঢাকার আদাবর বাইতুল আমান হাউজিং সোসাইটিতে বড় বোনের বাসায় থাকত। সে স্থানীয় উত্তরণ স্কলার একাডেমির দশম শ্রেণির ছাত্র।

গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়ালন্দ ঘাট থানা হেফাজতে থাকা মাহফুজ জানায়, গত ৫ মার্চ তুচ্ছ বিষয় নিয়ে বড় বোন রাফেজা আক্তার তার সঙ্গে রাগারাগি করে। এ নিয়ে অভিমানে সে আর বাসায় থাকবে না বলে ৯ মার্চ বাসা থেকে বের হয়। সে গাবতলী থেকে বাসে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এসে নামে। নদী পাড়ি দিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছে রাজবাড়ীর বাস কাউন্টারের সন্ধান করলে এক রিকশাচালক তাকে দৌলতদিয়া রেলওয়ে স্টেশনসংলগ্ন একটি আবাসিক বোর্ডিংয়ের সামনে নামিয়ে দেয়। এরপর উপায় না পেয়ে স্থানীয় রাজশাহী লাল্টু বোর্ডিংয়ের কর্মচারী হিসেবে সেখানে কাজ শুরু করে। এরপর থেকে তিন মাস ধরে সেখানেই ছিল।

মাহফুজুর রহমানের দুলাভাই ব্যবসায়ী আনিসুর রহমান জানান, তাঁর স্ত্রীর সঙ্গে রাগ করে বের হওয়ার পর পরিবারের লোকজন অনেক খোঁজ করেও না পেয়ে ১২ মার্চ আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-৪৪১) করেন। সম্প্রতি মুঠোফোনে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বললে তিনি ওই ফোন নম্বরটি স্থানীয় র‍্যাব কার্যালয়ে অবগত করেন। পরে ট্র্যাকিং করে দৌলতদিয়া ঘাটের সন্ধান পেলে বিষয়টি ফরিদপুর র‍্যাব-৮ ক্যাম্পকে অবগত করলে ওই বোর্ডিং থেকে তাকে উদ্ধার করে।

র‍্যাবের ক্যাম্প কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, কিছুদিন ধরে ফোনের নম্বর নিয়ে ট্র্যাকিং করে মাহফুজের সন্ধান করা হচ্ছিল। পরে নিশ্চিত হয়ে মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে দৌলতদিয়া রেলস্টেশনসংলগ্ন রাজশাহী লাল্টু বোর্ডিং থেকে স্কুলছাত্রকে উদ্ধার করা হয়।