নিখোঁজের দুই দিন পর কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের দুই দিন পর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গলিয়ারচর গ্রামে সোহেল মিয়া নামের এক কিশোরের লাশ গতকাল সোমবার বাড়ির কাছের একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোহেল (১৬) উপজেলার গৌরীপুর বাজারে একটি দোকানের কর্মী ছিল। সে গলিয়ারচর গ্রামের বাহরাইনপ্রবাসী নজরুল ইসলামের ছেলে।
সোহেলের বড় বোন লাকী আক্তার বলেন, গত শনিবার রাত নয়টার দিকে ভাত খাওয়ার সময় সোহেলের মুঠোফোনে একাধিক কল আসে। একপর্যায়ে সোহেল ঘর থেকে বেরিয়ে যায়। এর প্রায় ১০ মিনিট পর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
দাউদকান্দি মডেল থানার এসআই ফিরোজ আহমেদ বলেন, ‘সোহেল নিখোঁজ হওয়ার ঘটনায় রোববার বিকেলে তার মা থানায় সাধারণ ডায়েরি করেন। এর মধ্যেই আজ (গতকাল) দুপুর ১২টার দিকে একই গ্রামে সোহেলদের পুরোনো বাড়ির কাছে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোহেলের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিডিটি এখন হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে।’