নিখোঁজের দুই দিন পর নদীতে শিক্ষকের লাশ
নিখোঁজ হওয়ার দুই দিন পর দিনাজপুরের চিরিরবন্দর পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলামের লাশ উদ্ধার হয়েছে। উপজেলার ভিয়াইল ইউনিয়নের তালপুকুর গ্রামে আত্রাই নদীতে গতকাল সোমবার দুপুরে লাশটি ভেসে ওঠে।
রফিকুলের বাড়ি চিরিরবন্দর উপজেলার সদর আবদুলপুর ইউনিয়নের হাটখোলা গ্রামে। বাবার নাম মৃত খবীর উদ্দিন সরকার।
পুলিশ ও পরিবার জানায়, গত শনিবার রাতে রফিকুল কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হন। এরপর ওই বন্ধুরা বাড়ি ফিরে এলেও তিনি আর ফেরেননি। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর হদিস পাওয়া যায়নি। এর দুই দিনের মাথায় গতকাল বেলা একটার দিকে আত্রাই নদীতে একটি লাশ ভেসে ওঠে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি রফিকুলের বলে শনাক্ত করে। পুলিশ বেলা তিনটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের স্ত্রী লায়লা আনজুমান বেগম বলেন, রফিকুলের ওই বন্ধুরা বাড়িতে ফিরলেও তিনি বাড়িতে ফেরেননি। এমনকি রফিকুলের না ফেরার কারণও তাঁরা বলতে পারেননি।
চিরিরবন্দর থানার ওসি মো. আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, নূর আলম, মহসীন, মাসুদসহ একই গ্রামের কয়েকজন শনিবার রাতে শিক্ষক রফিকুলকে নিয়ে স্থানীয় বৈদিশিরহাট এলাকায় জুয়ার আসরে যান। সেখানে জুয়া খেলা নিয়ে ওই রাতে মারামারির ঘটনা ঘটে। রফিকুল ওই ঘটনার শিকার হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। ওসি আরও বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।
রফিকুলের দুই সন্তান রয়েছে। মেয়ে চিরিরবন্দর পাইলট উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে ও ছেলে দিনাজপুর সদর উপজেলার নুনাইচ মাদ্রাসায় হাফেজি পড়ে।