নিখোঁজের দুদিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর কাজল মিয়া (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার মির্জাপুর ঘাট থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত কাজল মিয়া পাকুন্দিয়ার চরফরাদি ইউনিয়নের বীর কুর্শা গ্রামের রইছ উদ্দিনের ছেলে। তিনি মাংস ব্যবসায়ী ছিলেন।
কাজলের বড় ভাই বাবুল মিয়া বলেন, গত সোমবার রাত ১১টার দিকে বাড়ি থেকে পাশের বীরকুর্শা বাজারে যান কাজল। কিন্তু রাতে আর বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করার পরও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে গত মঙ্গলবার দুপুরে তাঁর মা মিনারা খাতুন থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল সকালে ব্রহ্মপুত্র নদে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ সময় খবর পেয়ে বাবুল সেখানে গিয়ে কাজলের লাশ শনাক্ত করেন।
বাবুল মিয়া বলেন, ‘কাজলের গলায়, চোখে, মুখে আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু কী কারণে কাজলকে কারা এ রকম নির্মমভাবে হত্যা করেছে, তা বুঝতে পারছি না।’
পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন বলেন, কী কারণে কাজলের মৃত্যু হয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।