নিখোঁজের দুদিন পর খাল থেকে যুবকের লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর নিজ গ্রামের একটি খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম বাকের হোসেন (২৩)। নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের বাসিন্দা তিনি। স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে বাকেরের লাশ গ্রামের একটি খাল থেকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, নিহত বাকের হোসেন পূর্ব রাজুরগাঁও গ্রামের বড় বাড়ির জয়নাল আবদিনের ছেলে। তিনি বাবার সঙ্গে কৃষিকাজ করতেন। তবে স্থানীয় লোকজন পুলিকে বলেছেন, বাকের মাদক ব্যবসা, মোটরসাইকেল চুরিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নবজ্যোতি খীসা প্রথম আলোকে বলেন, মরদেহে আঘাতের চিহ্ন নেই। তাঁকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে কি না, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
গতকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাকেরের বাবা জয়নাল আবদিন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
সুন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিনের ভাষ্য, গত বুধবার রাতে বাকেরসহ তিনজনকে স্থানীয় কালামুন্সির বাজারের একটি চা দোকানে আড্ডা দিতে দেখা যায়। ওই দোকানে বাকের তাঁর মুঠোফোন চার্জ দিয়ে অন্য দুজনের সঙ্গে বেরিয়ে যান। ১০-১৫ মিনিট পর দুজনের একজন এসে বাকেরের মুঠোফোন নিয়ে যান। এরপর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
শুক্রবার সন্ধ্যায় কালামুন্সি খালের একটি শাখা খালে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক কৃষক। তিনি চিৎকার করলে আশপাশের ও পরিবারের লোকজন গিয়ে বাকেরের লাশ শনাক্ত করেন। পরে রাত নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন প্রথম আলোকে বলেন, নিহত বাকের ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা ও মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। হত্যার সঙ্গে বাকেরের সহযোগীরা জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকে বাকেরের দুই সঙ্গী আত্মগোপনে রয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।