নিখোঁজের পর ভারত থেকে লাশ এল প্রতিবন্ধী যুবকের
পাঁচ দিন নিখোঁজ থাকার পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মানসিক প্রতিবন্ধী এক যুবকের লাশ এসেছে ভারত থেকে। সেখানে ‘গণপিটুনিতে’ নিহত ওই যুবকের লাশ গতকাল বৃহস্পতিবার নালিতাবাড়ী পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের পুলিশ।
নিহত যুবকের নাম রফিকুল ইসলাম (২৫)। তিনি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের আবদুর রহিমের ছেলে।
পুলিশ, বিজিবি ও পরিবার সূত্রে জানা যায়, ছয় মাস আগে রফিকুলের মানসিক সমস্যা শুরু হয়। তাঁকে ভারতীয় সীমানা ঘেঁষা কালাকুমা গ্রামে নিজ বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। ৩০ এপ্রিল শিকলে লাগানো তালা খুলে পালিয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে গত মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতীবান্ধা ক্যাম্পে বিষয়টি জানান পরিবারের সদস্যরা। বিজিবি পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করে। বুধবার বিএসএফ বাংলাদেশি এক যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করে। এরপর ছবি দেখে পরিবারের সদস্যরা রফিকুলের লাশ শনাক্ত করেন।
ভারতীয় পুলিশের বরাত দিয়ে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন বলেন, রফিকুল গত রোববার সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ডালু থানা এলাকায় ঢুকে পড়েন। ওই দিনই তিনি সেখানে গণপিটুনির শিকার হন। ডালু কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি। গতকাল ১২টার দিকে ডালু থানা-পুলিশ লাশ নালিতাবাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। দুই দেশের বিজিবি ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেলা একটার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এসআই আরিফ আরও বলেন, ভারতে লাশের ময়নাতদন্ত শেষে ডালু থানায় একটি মামলাও হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
রফিকুলের স্ত্রী নাজমা কাঁদতে কাঁদতে বলেন, ‘ছয় মাস আগে আমার স্বামীর মাথা খারাপ অয়। তারে শিকল দিয়া বাইন্দা চিকিৎসা করাইতাম। হঠাৎ কইরা শিকলের তালা খুইলা বাড়ি থাইকা পালাইয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর হুনছি ভারতের লোকজন পিডাইয়া আমার স্বামীরে মাইরা ফালাইছে। অহন কী করমু? ছোড ছেলেডার কী অইব?’