নিখোঁজের পর যুবলীগ নেতার লাশ উদ্ধার

পাবনা শহর থেকে নিখোঁজের দুদিন পর গতকাল সোমবার সকালে জেলার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ এলাকা থেকে জেলা যুবলীগের সহ ত্রাণবিষয়ক সম্পাদক অসিত কুমার ভদ্রের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি পাবনা সদর উপজেলার রাজাপুর গ্রামে। তিনি জেলা শহরের শালগাড়িয়া মহল্লার বাসিন্দা।
এদিকে ঘটনার প্রতিবাদে পাবনা জেলা যুবলীগের কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অসিত কুমার পেশায় অর্থলগ্নি ব্যবসায়ী। ২৩ আগস্ট বিকেলে তিনি ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। এরপর সন্ধ্যা থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন তাঁর পরিচিত মহলে খোঁজখবর নিলে কেউ তাঁর সন্ধান দিতে পারেনি। পরে তাঁর স্ত্রী মুক্তি ভদ্র পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। এর এক দিন পর চাটমোহর উপজেলার শরৎগঞ্জ কাঠগড়া ব্রিজের পাশে পানিতে তাঁর লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি অসিত ভদ্রের বলে শনাক্ত করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, নিহত ব্যক্তির গলা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শারীরিক নির্যাতনের পর তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
অসিতের বড় ভাই অলোক ভদ্র বলেন, ‘কী কারণে কে তাকে হত্যা করেছে বুঝতে পারছি না।’
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিব হাসান বলেন, এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, ঘটনায় এখনো নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। ধারণা করা হচ্ছে, আর্থিক কোনো বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সে সূত্র ধরেই হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।