নিখোঁজের পরদিন বস্ত্রকল কর্মকর্তার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার পরদিন গতকাল বুধবার সকালে রাজধানীর খিলগাঁও থেকে মনিরুল ইসলাম (৩৬) নামের এক বস্ত্রকল কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর গলাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি সায়হাম টেক্সটাইল মিলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-বিক্রয়) ছিলেন।
পুলিশ বলছে, মনিরুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারও ঘটনাটিকে হত্যাকাণ্ড বলছে। তবে কারা, কেন মনিরুলকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু বলতে পারছে না পুলিশ ও পরিবার।
পুলিশ ও মনিরুলের পারিবারিক সূত্র বলেছে, মনিরুল ইসলাম সপরিবারে মালিবাগ চৌধুরীপাড়ায় থাকতেন। প্রতিদিনের মতো গত মঙ্গলবার সকালেও তিনি কর্মস্থল গুলশান ২ নম্বরে সায়হাম টেক্সটাইলের কার্যালয়ে যান। সেখান থেকে বেলা সাড়ে তিনটার দিকে প্রতিষ্ঠানের গাড়িতে বাসায় ফেরার সময় তিনি গাড়িচালককে সবুজবাগের নন্দীপাড়ায় যেতে বলেন। সেখানে একটি রাস্তায় গাড়ি থামিয়ে তিনি নেমে গাড়িচালককে অপেক্ষা করতে বলে কোথাও যান। বিকেলে যোগাযোগের চেষ্টা করে তাঁর স্ত্রী মনিরুলের মুঠোফোন বন্ধ পান। পরে তিনি গাড়িচালক আবু সাঈদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, মনিরুল তাঁকে অপেক্ষা করতে বলে কোথায় যেন গেছেন। এরপর স্বজনেরা নন্দীপাড়ায় গিয়ে রাত ১০টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
গতকাল সকালে লোকজন খিলগাঁওয়ের মস্তমাঝির মোড়ের শেখের জায়গায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। তাঁর মুখমণ্ডল, দুই হাতের কবজিসহ সারা শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। এ ছাড়া গলায় রয়েছে আঁচড়ের দাগ। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের কাছ থেকে খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি মনিরুলের বলে শনাক্ত করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মনিরুলের ভাই নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মনিরুলকে হত্যা করা হয়েছে। তবে কারা, কেন হত্যা করেছে, সে বিষয়ে তাঁরা কিছু বুঝে উঠতে পারছেন না। তিনি বলেন, ১২ বছর আগে মনিরুল সায়হাম টেক্সটাইল মিলে যোগ দেন। চার বছর আগে তিনি বিয়ে করেন। তাঁর স্ত্রীর নাম সানজিদা পারভীন। একমাত্র সন্তান মাহির বিন ইসলামের বয়স তিন বছর।
স্বজনেরা বলেন, নন্দীপাড়ায় তাঁদের কোনো আত্মীয় থাকেন না। তাই মনিরুল কেন সেখানে গিয়েছিলেন, তা তাঁরা জানেন না। পুলিশ এ বিষয়টি খতিয়ে দেখলে রহস্য উদ্ঘাটিত হতে পারে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে মনিরুলকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মনিরুলের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর হাওলাদার বলেন, মনিরুল কেন নন্দীপাড়ায় গিয়েছিলেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে।
ময়নাতদন্ত শেষে বিকেলে মনিরুলের লাশ স্বজনেরা কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতী গ্রামে নিয়ে গেছেন। তাঁর বাবার নাম আবদুর রশীদ। মর্গ সূত্র বলেছে, ময়নাতদন্তে মনিরুলকে শ্বাসরোধে হত্যা করার আলামত পাওয়া গেছে।