নিখোঁজের পাঁচ দিন পর গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের পাঁচ দিন পর গত বৃহস্পতিবার বিকেলে কুমার নদ থেকে ঝর্ণা বেগম (৪৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার চুমুরদী গ্রামের কুমার নদে বস্তাবন্দী অবস্থায় লাশটি পাওয়া যায়। ঝর্ণা বেগম ভাঙ্গা পৌর সদরের মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের গেদু মাতুব্বরের স্ত্রী।
এদিকে গতকাল শুক্রবার সাতক্ষীরা শহরতলির বেতনা নদীর নেহালপুর এলাকা থেকে জাহিদ হাসান (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সে সাতক্ষীরা সদর থানার গোবিন্দপুর এলাকার রহমান ঢালীর ছেলে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঝর্ণা বেগমকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যার পর লাশ বস্তাবন্দী করে কুমার নদে ফেলে দেয়। লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে গেদু মাতুব্বর বাদী হয়ে প্রতিবেশী সোহেল ও তাঁর কয়েকজন সহযোগীকে আসামি করে গতকাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
থানা-পুলিশ সূত্র জানায়, কয়েক মাস আগে ঝর্ণা বেগম তাঁর প্রতিবেশী সোহেলকে ব্যবসা করার জন্য ২০ হাজার টাকা ধার দেন। দীর্ঘদিন ধরে দেনদরবার করেও তিনি সোহেলের কাছ থেকে ওই টাকা তুলতে পারছিলেন না। গত রোববার সকালে ধারের ২০ হাজার টাকা পরিশোধের কথা বলে ঝর্ণা বেগমকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান সোহেল ও তাঁর সহযোগীরা। এরপর থেকে ঝর্ণা বেগম নিখোঁজ ছিলেন। তাঁকে কোথাও খুঁজে না পেয়ে পরদিন সোমবার পরিবারের পক্ষ থেকে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) হাসেম আলী জানান, বৃহস্পতিবার জাহিদসহ তাঁর বন্ধুরা বেতনা নদীর চরে ফুটবল খেলার পর পাশের নেহালপুর সেতুর ওপর থেকে নদীতে লাফিয়ে পড়ার আনন্দে মেতে ওঠে। সবাই বাড়ি ফিরলেও জাহিদ ফেরেনি। পরে গ্রামের ৭০-৮০ জন রাত ১০টার দিকে নদীতে খোঁজাখুঁজি করেন। কিন্তু তাকে পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে রহমান ঢালী থানায় জিডি করেন। বেলা তিনটার দিকে বেতনা নদীর নেহালপুর এলাকায় লাশ ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে উদ্ধারের পর সেটি জাহিদের লাশ বলে তার বাবা শনাক্ত করেন। লাশটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর থানার মর্গে পাঠানো হয়েছে।