নিখোঁজের পাঁচ মাস পর কর্মকর্তার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের পাঁচ মাস পর টাঙ্গাইলের সখীপুরে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপক সাইফুল ইসলাম খানের লাশ গতকাল সোমবার উদ্ধার করেছে পুলিশ। লাশটি বস্তায় ভরে উপজেলার কালিয়ান গ্রামের নকিল বিলে মাটিতে পঁুতে রাখা হয়েছিল৷ সাইফুলের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আগচারাণ গ্রামে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, সাইফুল গত বছরের ১১ ডিসেম্বর তাঁর কর্মস্থল সখীপুর থেকে নিখোঁজ হন। এ ঘটনায় গত ১৫ ডিসেম্বর তাঁর স্ত্রী মাসুমা ফেরদৌসী সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর থেকে পুলিশ মুঠোফোনসহ আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপরাধীদের শনাক্তের চেষ্টা করে। এর প্রেক্ষাপটে কালিয়ান গ্রামের বখাটে আশরাফুল ইসলামসহ পাঁচজনকে আসামি করে ৯ এপ্রিল অপহরণ মামলা করা হয়। মামলার সূত্র ধরে, গত রোববার রাতে সিলেটের গোহাইনঘাট উপজেলার জাফলং এলাকার নয়ারঘাটে অভিযান চালিয়ে আশরাফুলকে (১৮) গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে তিনটার দিকে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়৷
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তোফাজ্জল প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য গতকাল সন্ধ্যায় সাইফুলের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে৷