নিখোঁজের সাত দিন পর তানভীরকে ফিরে পেল পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সাত দিন নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার গভীর রাতে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে তাঁর পরিবার ফিরে পেয়েছে। গতকাল বুধবার রাজধানীর লেকসার্কাসের বাসায় সংবাদ সম্মেলন করে তাঁর চাচা মাহবুবুল আলম এই তথ্য জানান।
তবে ‘বিষণ্ন’ ও ‘কিছুটা অসুস্থ’ বোধ করায় তানভীর সংবাদ সম্মেলনে হাজির হননি।
তানভীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক প্রতিষ্ঠান ইনসাইট বিডি ফাউন্ডেশনের পরিচালক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার পর তিনি বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। নিজেকে তিনি সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিচ্ছিলেন। পরে আইসিটি বিভাগের পক্ষ থেকে বলা হয়, তানভীরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এরপর ১৬ মার্চ রাতে কচুক্ষেত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তানভীরকে তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম বলেন, ‘মঙ্গলবার রাত একটা থেকে দুইটার মধ্যে তানভীর বাসায় ফেরে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে বাড়ি পৌঁছে দেন। তাঁরা বলেছেন, এয়ারপোর্ট রোডে তানভীর উদভ্রান্তের মতো ঘোরাফেরা করছিল। চিনতে পেরে তাঁরা গাড়িতে উঠিয়ে নেন এবং বাড়িতে পৌঁছে দেন। আমরা ধারণা করছি, তাঁরা পুলিশের গোয়েন্দা বাহিনীর সদস্য।’
তানভীর কোথায় ছিলেন—এমন প্রশ্নের জবাবে মাহবুবুল আলম বলেন, ‘আমরা ওকে কিছু জিজ্ঞেস করিনি। তানভীরকে বিষণ্ন ও কিছুটা অসুস্থ দেখাচ্ছে। আমাদের কাছে ওর সুস্থ থাকাটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুস্থ হয়ে উঠলে কোথায় ছিল, সে সম্পর্কে জানা যাবে।’
তানভীরকে গণমাধ্যমের সামনে উপস্থিত না করার বিষয়ে কারও নির্দেশনা নেই বলেও জানান মাহবুবুল আলম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তানভীরের দেহে নির্যাতনের কোনো চিহ্ন নেই। তবে তাঁকে কিছুটা ‘উদভ্রান্ত’ দেখাচ্ছে।
তানভীরকে খুঁজে পাওয়ায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ দেন মাহবুবুল আলম। তিনি বলেন, তাঁরা সক্রিয় হয়েছিলেন বলেই তানভীরকে খুঁজে পাওয়া গেছে। তিনি বলেন, ‘সন্তানের জীবন ও নিরাপত্তা আমাদের কাছে মুখ্য ছিল। আমরা মনে করেছি, অধিক আগ্রহ না দেখানোই ভালো হবে। শুরুর দিকে সে অর্থে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা পাচ্ছিলাম না।’