নিখোঁজের ১০ ঘণ্টা পর শিশুর সন্ধান
‘আব্বা, আমি সিনেমা হলের কাছে আছি, আমারে নেও আইয়া।’ নিখোঁজ ছেলের কণ্ঠে এই বাক্য শোনার পর পাগলপ্রায় বাবা ছুটে এসে পুত্রের দেখা পান। অবসান ঘটে একটি পরিবার ও এলাকার কয়েক শ মানুষের উৎকণ্ঠার।
গত শুক্রবার জুমার নামাজের কিছুক্ষণ আগে মো. আরাফাত রহমান ওরফে রাফি (৭) নামের এক শিশু নিখোঁজ হয়। সে ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা এলাকার হাজি ট্রেডার্সের মালিক মো. খুররম মিয়ার ছেলে।
শিশুটির চাচা মজনু মিয়া বলেন, জুমার নামাজ শেষ হওয়ার পরও বাসায় না ফেরায় আরাফাতকে খোঁজাখুঁজি শুরু হয়। ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। তিনি আরও বলেন, বিকেল সাড়ে চারটার দিকে এক মুঠোফোন নম্বর থেকে খুররম মিয়ার মুঠোফোনে ফোন করে বলা হয়, আরাফাত রহমান তাদের কাছে আছে ও ভালো আছে।
১৫ আগস্ট পাশের আগ-মুশুলি গ্রামের শিশু তাসিন (৭) অপহরণের পর তার বাবা আবদুল কাইয়ুমকেও মুঠোফোনে একই ধরনের কথা বলেছিল অপহরণকারীরা। পরে শিশুটিকে হত্যা করা হয়। আরাফাত নিখোঁজ হওয়ার পর মুঠোফোনে একই ধরনের কথা শুনে দিশেহারা হয়ে পড়েন শিশুর মা-বাবা। প্রায় ৩০টি মোটরসাইকেলে করে চারপাশে লোক পাঠানো হয়। এ ধরনের পরিস্থিতির মধ্যে শুক্রবার রাত নয়টার দিকে শিশু আরাফাত তার বাবার মুঠোফোনে ফোন করে জানায়, ‘আব্বা, আমি নান্দাইলের সিনেমা হলের কাছে আছি, আমারে নেও আইয়া।’